বাগেরহাট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের কৃষক রুহুল আমিন শেখ (৫৫) প্রায় আট বছর ধরে আর্সেনিকোসিস রোগে ভুগছেন। তার মা মোমেনা খাতুন (৮০) একই রোগে আক্রান্ত হয়েছেন আরও আগে। অতিরিক্ত মাত্রার আর্সেনিক মিশ্রিত অগভীর নলকূপের পানি পান করে তারা এই রোগে আক্রান্ত হয়েছেন।
রুহুল আমিনের মতে, এই উপজেলার বেতাগা, লখপুর এবং মৌভোগ ইউনিয়নের অন্তত ৬৯ জন নারী পুরুষ ও শিশুর দেহে আর্সেনিকোসিস রোগের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। ফকিরহাট উপজেলা জুড়ে অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতির কারণে এই এলাকা আর্সেনিকোসিস রোগের ঝুঁকি বেড়ে গেছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি সংগঠন এনজিও ফোরাম এবং তাদের সহযোগী সংগঠন নবলোক ও সেবা মানব কল্যাণ কেন্দ্র (এসএমকেকে) 'ইন্ট্রিগ্রেটেড কমিউনিটি বেইজড আর্সেনিক মিটিগেশন প্রজেক্ট' নামে একটি প্রকল্পের আওতায় গত প্রায় আট মাস ধরে আর্সেনিকোসিস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।
পাশাপাশি আক্রান্তদের পরিবারসহ সংক্রমিত এলাকার সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে ওই এলাকায় পাঁচটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এনজিও ফোরামের আয়োজনে লখপুর গ্রামের মেঝের পাড়ায় আর্সেনিকোসিস আক্রান্ত রোগীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রুহুল আমিন ছাড়াও ছিলেন চাকুলি গ্রামের হাসান সরদার (৪২) ও তার স্ত্রী রেহানা আক্তার (৩৫), একই গ্রামের দাউদ সরদার (৫০), লখপুর গ্রামের ইসলাম গাজী (৪৫) এবং তার স্ত্রী শরীফা বেগমসহ (৩৫) অন্তত ত্রিশ জন রোগী।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ড. স্টেফান ফ্রোইন রোগীদের চিকিৎসাসহ সুপেয় পানির বর্তমান উৎস সম্পর্কে খোঁজ নেন।
আর্সেনিক সংক্রমিত রোগীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ড. স্টেফান ফ্রোইন বলেন, "আগামীতে এই কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে যাতে আরও বেশী মানুষ এই রোগের সংক্রমণ থেকে মুক্ত হতে পারে।"
এ সময় ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলর ক্লাউস ডায়েটর গাউচ, এনজিও ফোরামের প্রকল্প ব্যবস্থাপক ড. শেখ মো. নাজমুল হাসান এবং মনিটরিং অফিসার তানভিরুল হাসান ড. স্টেফান ফ্রোইনের সঙ্গে ছিলেন।
আর্সেনিকোসিস আক্রান্ত রুহুল আমিন জানান, অগভীর নলকূপের পানি পান করে তিনি ও তার মা এই রোগে আক্রান্ত হয়েছেন। এখন চিকিৎসা শুরু হওয়ার পর রোগের উপসর্গ কিছুটা কমেছে। এলাকায় গভীর নলকূপ বসানোয় তারা এখন বিশুদ্ধ পানি পান করতে পারছেন।
সেবা মানব কল্যাণ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মোশারেফ হোসেন জানান, ফকিরহাট উপজেলার অধিকাংশ এলাকার অগভীর নলকূপের পানি মাত্রাতিরিক্ত আর্সেনিক যুক্ত। তাদের প্রকল্পের আওতায় বেতাগা, লখপুর ও মৌভোগ ইউনিয়নে ২০০৭ সাল থেকে রোগী সনাক্ত, চিকিৎসা সেবা প্রদান, সচেতনতা সৃষ্টি ও সুপেয় পানির ব্যবস্থা করার কাজ শুরু হয়েছে।
এসব এলাকায় পাঁচটি গভীর নলকূপ স্থাপন করে দুই শতাধিক দরিদ্র পরিবারকে আর্সেনিক দূষণ মুক্ত সুপেয় পানির আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত সনাক্তকৃত ৬৯ জন রোগীও এই সুপেয় পানির সুবিধা পাচ্ছেন বলে তিনি জানান।
এই পাঁচটি গভীর নলকূপের একটি স্থাপন করা হয়েছে লখপুরের মেঝের পাড়ার সামছুর রহমানের বাড়িতে। সামছুর রহমান জানান, এই নলকূপটি থেকে এলাকার ৫৩টি পরিবার সুপেয় পানির সুবিধা পাচ্ছে।
ফকিরহাট উপজেলার আর্সেনিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সামছুল আলম বলেন, "আর্সেনিক সংক্রমণের কারণে নব্বই এর দশক থেকে ওই এলাকায় সরকারিভাবে অগভীর নলকূপ (শ্যালো টিউব ওয়েল) বসানো হয়নি। তবে বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে সেখানে অগভীর নলকূপ বসিয়ে আর্সেনিক দুষিত পানি ব্যবহার করে কেউ আক্রান্ত হতে পারে। সে বিষয়ে পূর্ণাঙ্গ কোন হিসাব আমাদের দপ্তরে নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24