ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্দেশ্যবিহীনভাবে ও তামাশাচ্ছলে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করছে বলে অভিযোগ করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।
নাইকো দুর্নীতি মামলায় আসামি হিসেবে মঙ্গলবার ব্যারিস্টার মওদুদকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে নেওয়া হলে বিচারকের কাছে তিনি এ অভিযোগ করেন।
নাইকো মামলাসহ বর্তমান সরকারের আমলে রাজনীতিবিদদের বিরুদ্ধে করা সব দুর্নীতি মামলা প্রত্যাহার করে সরকারকে নিজ ভাবমূর্তি উজ্জ্বল করারও পরামর্শ দেন তিনি।
আদালত চলার এক পর্যায়ে মওদুদ আহমেদ বিচারকের অনুমতি নিয়ে বলেন, "৪২ বছরের আইন পেশায় আমি কখনো এ ধরনের দুর্নীতির মামলা দেখিনি। উদ্দেশ্যবিহীনভাবে এবং তামাশাচ্ছলে দুদক মামলাগুলো দায়ের করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসএনডি/এমএ/১৭৩৫ ঘ.
bdnews24