ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া বই ও পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন।
বিএনপির সাবেক মহাসচিবকে মঙ্গলবার দুপুরে দেখতে যান তার স্ত্রী অধ্যাপিকা মরিয়ম বেগম। প্রায় ৪০ মিনিট তিনি কারাগারে ছিলেন।
মান্নান ভূঁইয়ার একান্ত সহকারী মো. নুরুল আমিন রিকাবদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''স্যারের সঙ্গে আমরা দেখা করেছি। তিনি ভালো আছেন। পত্রিকা ও বই পড়ে তার সময় কাটছে।"
নুরুল আমিন বলেন, "স্যারের জন্য বাসা থেকে নেওয়া রান্না করা খাবার ও একটি ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন সরবরাহ করা হয়েছে।"
গত রোববার মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন মান্নান ভুঁইয়া। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।
এ মামলার আরেক আসামি জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীও মান্নান ভূঁইয়ার সঙ্গে একই সেলে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসএনডি/এসকে/১৭১৭ঘ.
bdnews24