ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আয়কর ফাঁকির মামলা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।
আপিল বিভাগের এ রায়ের ফলে নিম্ন আদালতে বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে এ মামলা চলতে আর আইনগত কোনও বাধা রইল না।
টুকুর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলা এখতিয়ার বহির্ভূত ও অবৈধ ঘোষণা করে গত ৫ ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান অনুমোদন কমিটির সদস্য না হয়েও তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুকুর মামলা অনুমোদনের সিদ্ধান্ত দেওয়ায় তা অবৈধ ও এখতিয়ার বহির্ভূত। এছাড়া মামলা অনুমোদনের আগে তাকে কারণ দর্শানোর নোটিশ না দেওয়ায় মামলার কার্যক্রমও অবৈধ ঘোষণা করা হল।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার ও এনবিআর ১৪ ফেব্র"য়ারি আপিলের আবেদন করে।
গত বছরের ৪ জুলাই ঢাকার উপ কর কমিশনার মো. নুরুল আমিন বাদি হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিশেষ জজ আদালতে আয়কর ফাঁকির এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, টুকু ৩ কোটি ৮০ লাখ ১৪ হাজার ৪৮ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। এর আগে এনবিআর গত ২৮ জুন মামলাটি দায়েরের জন্য অনুমোদন দেয়। মামলা দায়েরে অনুমোদন ও মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে টুকু গত ২৬ আগস্ট হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন।
সরকার পক্ষে মঙ্গলবার আপিল বিভাগে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল ইসলাম মুকুল। টুকুর পক্ষে শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি। এনবিআরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খান সাইফুর রহমান ও অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছরের ৩ ফেব্র"য়ারি তাকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪০৯ ঘ.
bdnews24