ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে রোববার সকালে এক শিশু নিহত এবং তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। মাদারীপুর সদর উপজেলার জুনিয়া ইউনিয়নের দীঘলপাড়া গ্রামে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জে গ্রামে রোববার সকালে নিহত শিশুর নাম-শারমিন (৮)। আহতরা হলেন- কালাম হোসেন (৩২) ও হালিমা বেগম (২৮)। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, উপজেলার আলীগঞ্জ গ্রামের কালাম হোসেনের সঙ্গে একই গ্রামের সুলতান খানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ৯টার দিকে সুলাতান খান, হারুন, আক্কাস, হানিফ ও নিজাম বিরোধীয় ওই জমি চাষ করতে গেলে কামাল-হালিমা দম্পতি গিয়ে তাদের বাধা দেয়।
এতে সুলতান খান ও তার দলবল ওই দম্পতির হামলা চালায়। বাবা-মার চিৎকারে শিশু শারমিন এগিয়ে গেলে সুলতান খান ও তার লোকজন বাশেঁর লাঠির দিয়ে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই শিশু শারমিনের মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার মোর্শেদ আলম ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা সেকান্দার হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-৩৫) হয়েছে।
মাদারীপুর প্রতিনিধি জানান, সদর থানার কুনিয়া ইউনিয়নের দীঘলপাড়া গ্রামে রোববার দুপুরে মীনজাল (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুস সাত্তার জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধারে দুপুর ১২টার দিকে দীঘলপাড়া গ্রামের মোতাহার চৌকিদার ও সাম চৌকিদার গ্র"পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সময় প্রতিপক্ষের সড়কির আঘাতে মানজাল ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন ১২ জন।
আহতদের মধ্যে লালু সরদার (৫৫) ও ফজলে চৌকিদারকে (৪৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মীর আব্দুস সাত্তার আরও জানান, মানজালের লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24