মৌলভীবাজার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামবাসীর হামলায় চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে রাতে বাড়ি থাকছেন না শ্রীমঙ্গলের বাঘলপুর ও মাজদিহি গ্রামের পুরুষরা।
বৃহস্পতিবার ওই ঘটনার পর আটক চার জনের মধ্যে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরো ১০ জনকে।
বৃহস্পতিবার ভোরে বাঘলপুর গ্রামের মানুষ ডাকাত সন্দেহে পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালালে শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক অনুপম দেবনাথ, কনস্টেবল নুরুর রহমান, মঈনুদ্দীন ও সুখলাল আহত হন। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে অভিযান চালানো হতে পারে এই আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাড়ি ছেড়ে আশেপাশের গ্রামে আশ্রয় নেন বাঘলপুর ও মাজদিহি গ্রামের অধিকাংশ পুরুষ। শুক্রবার রাতেও তাদের অনেকেই বাড়িতে ছিলেন না।
শ্রীমঙ্গল থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারীদের ধরতে শুক্রবার রাতে বাঘলপুর ও মাজদিহিতে অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে আটক করা হয়েছে।
এরা হলেন- আব্দুল কাদির (৬৭), মোক্তার খাঁন (১৯), মসুদ মিয়া (২৯), ইসলাম খান (৪৭), ছনর মিয়া (৩০), তার ভাই সাজমান (২২) ও সোহেল (১৯), চাচাতো ভাই মিনহাজুর রহমান (২০) এবং দেওয়ান আহমদ (৩৫) ও তার ভাই সুরমান মিয়া (২৭)।
আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উপ-পরিদর্শক মিরাজুল জানান।
এদিকে বৃহস্পতিবার আটক ৪ জনের মধ্যে বাঘলপুর গ্রামের পাঠান পাড়ার হাজী আব্দুর রহিমের ছেলে হাবিবুর রহমান ও গৃহ শিক্ষক শফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতে চালান দেওয়া হয়। এছাড়া তাজুল ইসলাম ও নাইশকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
শনিবার দুপুরে বাঘলপুর গ্রামে গিয়ে দেখা যায় পুরো গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই প্রতিবেককে দেখে রাস্তা থেকে দূরে সরে যায় অল্পবয়সী ছেলেরা। পথে কথা হয় ষাটোর্ধ্ব বৃদ্ধা জমিরুন্নেছার সঙ্গে। তার চোখে মুখেও ছিল আতঙ্কের ছাপ। সাংবাদিক পরিচয় পেয়ে ভীতি কিছুটা দূর হয়।
জমিরুন্নেছা জানান, শুক্রবার রাত প্রায় ২টার দিকে ৩/৪ গাড়ি পুলিশ গ্রামে আসে। তারা প্রায় প্রতিটি বাড়ি ঘেরাও করে তল্লাশী চালায়। তবে গ্রামের অধিকাংশ পুরুষ রাতে বাড়িতে ছিলেন না।
শ্রীমঙ্গল থানা হাজতে আটক আব্দুল কাদিরের বড় মেয়ে শিরিনা বেগম দাবি করেন, "আমার নির্দোষ বাবাকে পুলিশ রাতের বেলা ঘুম থেকে ডেকে ধরে নিয়ে গেছে। এমন বয়স্ক একটা মানুষ কি মারপিট করতে পারে?"
তিনি বলেন, "মাত্র কয়েকজন লোক ওই ঘটনা ঘটিয়েছে। অথচ পুলিশ পুরো গ্রামের মানুষকে হয়রানি করছে। নিরীহ মানুষদের ধরে নিয়ে যাচ্ছে।"
৭০ বছর বয়সী আফরোজ মিয়া বলেন, "গত রাতে গ্রামে পুলিশ ধরপাকড় শুরু করেছে খবর পেয়ে আমার অসুস্থ স্ত্রী খায়রুন্নেছা সংজ্ঞা হারান। পরে অনেকক্ষণ মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফেরাতে হয়েছে। স্ত্রী ভেবেছিলেন, হয়তো পুলিশ আমাকেও ধরে নিয়ে যাবে।"
পুলিশের হাতে আটক ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইসলাম খানের স্ত্রী শাহিদা আক্তারের দাবি, তা নির্দোষ স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে।
তিনি বলেন, "আমার স্বামী যক্ষা রোগী। ঘটনার সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি কীভাবে পুলিশকে মারবেন?"
শাহিদা অভিযোগ করেন, ঘটনার 'মূল হোতা' হাজী আব্দুর রহিমকে পুলিশ ঘটনার পরপরই ধরে নিয়ে গেলেও শুক্রবার রাতে তাকে ছেড়ে দেয়া হয়।
শাহিদার প্রতিবেশী মমতা খানম অভিযোগ করেন- "রাতে দড়জা খুলতে দেরি করায় পুলিশ দরজায় লাথি দেয়। ওই ঘরে ঘুমিয়েছিল বাড়ির কাজের লোক সুজন ভৌমিক। দরজা খোলার পর পুলিশ তাকে লাঠি দিয়ে বেদম পেটায়।"
বাঘলপুর ও মাজদিহি ঘুরে ফেরার পথে কথা হয় বাঘলপুর গ্রামের হাজী আব্দুর রহিমের সঙ্গে। তার বাড়িতেই বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক অনুপম দেবনাথ, কনস্টেবল নুরুর রহমান, মঈনুদ্দীন ও সুখলালের ওপর হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, "ওই রাতে পুলিশ সদস্যদের সঙ্গে চারজন সাদা পোশাকধারী লোক ছিল। আর আমার বাড়িতে অনেকবার ডাকাতি হয়েছে। এ কারণে ভোরের দিকে তারা আমার ছেলে হাবিবের ঘরের দরজায় ধাক্কাধাক্কি শুরু করলে হাবিব মনে করে ডাকাত পড়েছে। এরপর সে মোবাইল ফোনে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে ডাকাত সন্দেহে পুলিশ সদস্যদের পেটায়।"
আব্দুর রহিম বলেন, "পুলিশের পরিচয় পেলে আমার ছেলে কাউকে ডাকতো না। ভুল বোঝাবুঝির কারলে এটা ঘটেছে।"
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
হয়রানির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "নির্দোষ কেউ আটক হয়ে থাকলে তাকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24