পাবনা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় দুটি দলের নেত্রী ছাড়া সংলাপ ও নির্বাচন অর্থবহ হবে না বলে মনে করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "বড় দুইটি দলের নেত্রী ছাড়া সংলাপ ও নির্বাচন অর্থবহ হবে না। তাই সংলাপ ও নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারের এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার।"
শনিবার পাবনার একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের দায়িত্বশীল কর্মীদের এক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে আলী আহসান মুজাহিদ এ কথা বলেন।
তিনি আরও বলেন, "দুর্নীতি দমনের মাধ্যমে দেশে দুষ্টের দমনের প্রক্রিয়া চললেও শিষ্টের পালন করা হচ্ছে না। সৎ দেশপ্রেমিক মানুষকে মূল্যায়ন করতে হবে এবং কোনভাবেই তাদের হয়রানি করা যাবে না।"
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- সাবেক সাংসদ মাওলানা আব্দুস সুবহান, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা জরুহুল ইসলাম, অধ্যাপক আবু তালেব মণ্ডল, অ্যাডভোকেট হাতেম আলী ও আবু সাহেল আব্দুল্লাহ প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24