২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজের মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র পাওয়া গেল বহদ্দারহাট পুকুর পাড়ে

চট্টগ্রাম সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণীর প্রথম বর্ষের (প্রিলিমিনাররি) পরীক্ষার ১০ বিষয়ের বিপুল পরিমাণ উত্তরপত্র শনিবার বিকালে নগরীর বহদ্দার পুকুর পাড় থেকে উদ্ধার করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণীর প্রথম বর্ষের (প্রিলিমিনাররি) পরীক্ষার ১০ বিষয়ের বিপুল পরিমাণ উত্তরপত্র শনিবার বিকালে নগরীর বহদ্দার পুকুর পাড় থেকে উদ্ধার করেছে কলেজ কর্তৃপক্ষ। গত ২৯ এপ্রিল পরীক্ষা শেষে এসব উত্তরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য ডেপুটি কন্ট্রোলার বরাবরে চকবাজার ডাকঘর থেকে রেজিস্ট্রি করা হয়েছিল। কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদল টোকাই শনিবার বিকাল তিনটার দিকে বহদ্দার পুকুর পাড়ে ডাকঘরের একটি খোলা বস্তায় রাখা কিছু কাগজ বাছাই করছিল। এসময় মোয়োজ্জেম হোসেন নামে এক ব্যক্তি কৌতুহলবশত সেখানে গিয়ে দেখতে পান কাগজগুলো চট্টগ্রাম কলেজের মাস্টার্স (প্রিলিমিনারি) পরীক্ষার উত্তরপত্র। মোয়াজ্জেম হোসেন কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে ডাক বিভাগের একটি খোলা বস্তাভর্তি ১০ বিষয়ের বিপুল পরিমাণ খাতা উদ্ধার করে কলেজে নিয়ে আসা হয়। কলেজ অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনকে দায়িত্বশীল একজন নাগরিক উল্লেখ করে বলেন, "এ ভদ্রলোক খাতাগুলো উদ্ধারে ভূমিকা না রাখলে অনেক পরীক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হতো।" তিনি জানান, কলেজে নিয়ে আসার পর খাতাগুলো বাছাইয়ের কাজ চলছে। সেদিনের মোট পরীক্ষার্থীদের মধ্যে কতজনের খাতা রয়েছে এবং কতজনের হারিয়ে গেছে তাও হিসাব করা হচ্ছে। অধ্যক্ষ শহীদুল্লাহ বলেন, "২০০৮ সালের মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার এসব উত্তরপত্র কিভাবে সেখানে পাওয়া গেল সে ব্যাপারে আমি ও কলেজের অন্যান্য শিক্ষকরা বিস্মিত হয়েছি। কেননা গত ২৯ এপ্রিল ১০টি বিষয়ের পরীক্ষা শেষে চক বাজার ডাকঘরের মাধ্যমে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার বরাবর পাঠানোর জন্য পোস্ট করা হয়।" সেদিনের পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো ডাকঘরে জমা দেওয়ার সকল রশিদ ও কাগজপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে রক্ষিত রয়েছে বলে তিনি দাবি করেন। এমন চরম দায়িত্বহীনতার জন্য ডাক বিভাগের গাফলতিকে দায়ী করে এসব উত্তরপত্র যথাযথ জায়গায় না পৌঁছে কিভাবে ডাকঘরের বাইরে গেল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান তিনি। কলেজ অধ্যক্ষ জানান, এ বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ও চান্দগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে থানায় লিখিত অভিযোগ করা হবে। এ বিষয়ে চট্টগ্রাম জিপিও এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চকবাজার ডাকঘরের একটি বস্তা গাড়ি থেকে রাস্তায় পড়ে গেছে। এ বিষয়টি আমরা জানি। এগুলো যে পরীক্ষার উত্তরপত্র তাও আমরা জানতাম। তবে বিষয়টি আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাইনি। তবে পুলিশকে জানিয়েছি।" এ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৪৮ ঘ.