চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানা এলাকায় শুক্রবার রাতে ডাকাত সন্দেহে আটক এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। আগ্রাবাদে ছিনতাইকারীদের ছুবিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ ও এক আনসার সদস্য।
এ দুটি ঘটনায় পুলিশ সাত জনকে গ্রেপ্তার করেছে।
কর্ণফুলী থানা এলাকার শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে শুক্রবার গভীর রাতে ডাকাত সন্দেহে জনতা গণপিটুনি দিলে ফারুক আহমেদ (২৮) নামে এক যুবক মারা যান। এসময় জনতার পিটুনিতে আরও তিনজন আহত হয়। এরা হলেন- মো. আলমগীর (৩৫), মো. সৈকত (২৬) ও শুকর আহমেদ (৩১)।
আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কর্ণফুলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মিনহাজের মতে, একদল ডাকাত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে কর্ণফুলী নদীর তীরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়।
পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান ফারুক মারা গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
নগরীর আগ্রাবাদ ১০ নম্বর সড়কে শুক্রবার রাত তিনটার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল ইসাহাক আলী এবং আনসার সদস্য আবু জাফর আহত হয়েছেন।
এদের মধ্যে ইসাহাক আলীর অবস্থা গুরুতর। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে।
পুলিশ কমিশনার এম আকবর আলী শনিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। পুলিশের উপর হামলাকারীরা রেহাই পাবে না।
তিনি বলেন, পুলিশদেরও দায়িত্বপালনকালে আরও সতর্ক ও কৌশলী হতে হবে যাতে কেউ তাদের উপর হামলার সুযোগ না পায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ রাতেই মিন্টু (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকালে বন্দরের নিমতলা এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়ে তার তিন সহযোগী মো. রহিম (১৯), মহিন উদ্দিন (২১) ও সুবজ মিয়াকে (১৮) গ্রেপ্তার করে।
তিনি জানান, শুক্রবার রাত তিনটার দিকে সিডিএ ১০ নম্বর সড়কে টহল পুলিশের একটি দল সন্দেহজনকভাবে ঘোরাঘুরিকালে চারজন যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় তারা অর্তকিতে পুলিশ ও আনসার সদস্যদের উপর হামলা চালায়। এতে দুজন আহত হন।
পরে থানার অপর একটি দল গিয়ে তাদের উদ্ধার করে এবং মিন্টু নামে একজনকে গ্রেপ্তার করে।
ওসি জানান, এসব যুবক ছিনতাইয়ের জন্য রাস্তায় ঘোরাফেরা করছিল। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24