২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিযুক্ত ভোটার তালিকার জন্য সরকার ও ইসির প্রশংসা করলেন স্পিকার

ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রশংসা করেছেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

পঞ্চগড়, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রশংসা করেছেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। তিনি বলেন, "ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির জন্য তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রশংসা করতে হয়। যে পদ্ধতিতে সেনাবাহিনীর সহায়তায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কাজ চলছে তাতে আগামীতে জাল ভোট পড়ার আশঙ্কা থাকবে না। ভুয়া ভোটারের অস্তিত্বও থাকবে না।" শনিবার সকালে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছবি তুলতে এসে স্পিকার এ কথা বলেন। স্পিকার জমিরউদ্দিন সরকার পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারি) আসনের সাবেক সংসদ সদস্য। দেশে জরুরি অবস্থা জারির পর এই প্রথম তিনি তার নির্বাচনী এলাকায় আসেন। ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে তিনি আরও বলেন, "বর্তমান পদ্ধতিতে নিবন্ধন ফরমে একজন নাগরিকের প্রয়োজনীয় প্রায় সব তথ্য থাকায় দৈনন্দিন অনেক কাজ সহজ হবে।" ভোটার নিবন্ধন ও ছবি তোলার সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর হাসান ভূঁইয়া, পঞ্চগড় সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আবুল মনসুর মো. আশরাফ খান, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম প্রধান, সহকারী পুলিশ সুপার আব্দুস ছালাম, ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ে ভূমি রেকর্ড সম্পর্কিত কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬২১ ঘ.