ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগরে ঝড়ো হাওয়া বইছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে বলা হয়েছে, উপকূলের কাছাকাছি থাকতে।
আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকাল ১১টার বুলেটিনে বলা হয়েছে, উত্তর পূর্ব বঙ্গোসাগর ও এর সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর দিকে সরেছে। শনিবার সকাল ৯টায় এটি ওই এলাকায়ই অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোসাগরে গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হচ্ছে।
উত্তর বঙ্গোসাগরে ঝড়োহাওয়া অব্যাহত রয়েছে জানিয়ে বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলো ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে।
সমুদ্রবন্দর দুটিকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১৩২৮ ঘ.
bdnews24