রোহান জিয়াদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মেডিকেল কলেজের উল্টোদিকের ফুটপাতের ওপর জমে থাকা বর্জ্যরে দুর্গন্ধে সারাক্ষণই ভারি হয়ে আছে আশপাশের এলাকার বাতাস। ফুটপাতের পাশে ডাস্টবিন উপচে পড়া আবর্জনার প্রায় পুরোটাই হাসপাতালের বিষাক্ত বর্জ্য। এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে কুকুর, বিড়াল ও কাক। ডাস্টবিন ও এর চারপাশের এলাকা পরিণত হয়েছে পোকামাকড় ও জীবাণুর আবাসস্থলে। টোকাইদের হাতে হাতে হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে সারা শহরে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে মারাত্মক জীবাণু।
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পরিচ্ছন্নতা কর্মী ওসমান বর্জ্যরে ভেতর থেকে ব্যবহৃত ব্যান্ডেজ, সিরিঞ্জ, স্যালাইনের ব্যাগ সংগ্রহ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসমান বলেন, "এগুলো বিক্রি করে আমি কিছু বাড়তি অর্থ রোজগার করি। চাকরি থেকে যা পাই তা দিয়ে আমার সংসার চলে না।"
এসব বিষাক্ত বর্জ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তারপরও কেন এ কাজ করেন- জানতে চাইলে তিনি বলেন, "আগে তো বাঁচতে হবে।"
সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা গেছে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব বর্জ্য হাসপাতালের উল্টোপাশের ডাস্টবিনে এনে ফেলছে। আর বিভিন্ন বয়সী টোকাইরা ডাস্টবিন থেকে ব্যান্ডেজ, স্যালাইনের ব্যাগ, সিরিঞ্জ কুড়িয়ে সেগুলো বিক্রি করছে।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রিজম বাংলাদেশ। এ সংস্থার হিসাবে শহরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের সংখ্যা প্রায় এক হাজার। এগুলো থেকে দৈনিক গড়ে ৫০০ টন বর্জ্য তৈরি হয়, যার অর্ধেক অপসারিত হয়। প্রায় ২০ শতাংশ হাসপাতাল বর্জ্য ভাইরাস ও ব্যাক্টেরিয়া জনিত রোগ সংক্রমণে ভূমিকা রাখে। আর বর্জ্য অপসারণের দায়িত্বে নিয়োজিত কর্মীরা এইডস, হেপাটাইটিস, টিটেনাসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। তাছাড়া টোকাইদের হাতে হাতে এসব ব্যবহৃত সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে সারা শহরে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে মারাত্মক জীবাণু।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান ড. নজরুল ইসলাম বলেন, "হাসপাতালের বর্জ্য স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। ভাইরাস ও ব্যাক্টেরিয়াজনিত রোগের সংক্রমণের উৎস হিসেবে কাজ করে এ বর্জ্য। এগুলো যথানিয়মে অপসারণ করা উচিৎ।"
মহাখালীর বক্ষব্যধী হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হেকমত আলী (৫০) প্রায় প্রতি মুহূর্তে কাশছেন। তার শারীরিক অবস্থাও নাজুক। গত ৩৬ বছর ধরে হাসপাতালের বর্জ্য পরিষ্কার করছেন তিনি।
হেকমত বলেন, "এখানে যখন কাজ শুরু করি, তখন আমার স্বাস্থ্য বেশ ভালো ছিল। কিন্তু এখন আমি ডিপথেরিয়ায় আক্রান্ত।"
অপর পরিচ্ছন্নতা কর্মী শফিকুর রহমান বলেন, "চিকিৎসকরা কাজের সময় দস্তানা ব্যবহার করেন। কিন্তু আমরা চাইলে বলেন, দস্তানার দরকার নেই।"
রাজধানীর একটি ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী জিহাদ বলেন, "আমাদের দিনে আট ঘণ্টা করে কাজ করতে হয়। এ সময় বসে থাকার কোনো সুযোগ নেই। খাবারের জন্যও আলাদা সময় দেওয়া হয় না।"
তিনি জানান, হাসপাতালের অপারেশন থিয়েটার ও রোগীর কক্ষ থেকে খালি হাতেই বর্জ্য অপসারণ করতে হয় তাদের।
বর্জ্য অপসারণের জন্য ঢাকা মেডিকেল কলেজে তিনটি ইনসিনেরেটর থাকলেও গত সাড়ে তিন বছর ধরে তা নষ্ট। সোহরাওয়ার্দী হাসপাতালে দুবছর আগে একটি ইনসিনেরেটরস বসানো হলেও তা চালু হয়নি এখনো। বেসরকারি পর্যায়ে স্থাপিত হাসপাতালগুলোর মধ্যে একমাত্র ইনসিনেরেটরসটি রয়েছে আইসিডিডিআর,বি-তে। সেটিও নষ্ট।
ঢাকা সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বেসরকারি সংস্থা প্রিজম বাংলাদেশ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার কাজ করে। বেশ কিছু বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল নির্ধারিত ফি'র বিনিময়ে প্রিজমের সেবা নিচ্ছে। তবে বরাদ্দ না থাকায় সরকারি হাসপাতালগুলো এ সুবিধা নিতে পারছে না।
প্রিজমের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সমন্বয়কারী তোরহিত কান্তি বিশ্বাস বলেন, "২০০৫ সালে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ঢাকার ২৫৬টি ক্লিনিক ও হাসপাতাল আমাদের সেবা নিচ্ছে। সরকারি হাসপাতালগুলোকে এ সেবার আওতায় আনতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে।"
বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে ২০০১ সালে একটি আইন তৈরির পদক্ষেপ নেয় তখনকার সরকার। আইনের খসড়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও ব্যবসার লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছিল। কিন্তু পরে এ ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২২৪৭ ঘ.
bdnews24