চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম শহরের সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেশ কিছু ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার একটি ছয়তলা বাড়ির ছাদের টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। ওই ঘর থেকে একটি মনিটর, একটি সিপিইউ, দুটি টেনোরেক্স টাওয়ার সাপ্লাইয়ার, সাতটি সিম কানেক্টর, তিনটি চার্জার ও দুটি ব্যাটারিসহ অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে র্যাব সদস্যরা।
তিনি জানান, উদ্ধার করা যন্ত্রাংশের দাম আনুমানিক ১০ লাখ টাকা।
শরিফুল ইসলাম জানান, ঘরটি ভাড়া নিয়ে হাটহাজারীর মো. ফারুক (৩০) দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন। অভিযানের বিষয়টি টের পেয়ে ফারুক ও তার সঙ্গীরা পালিয়ে যান।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24