২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে গ্রামবাসীর হামলায় চার পুলিশ আহত, গ্রেপ্তার ৪

শ্রীমঙ্গল উপজেলার কালামপুর ইউনিয়নের বাঘলপুর গ্রামে শুক্রবার ভোরে গ্রামবাসীর হামলায় সহকারী উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 11:38 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

মৌলভীবাজার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল উপজেলার কালামপুর ইউনিয়নের বাঘলপুর গ্রামে শুক্রবার ভোরে গ্রামবাসীর হামলায় সহকারী উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দেড়শ গ্রামবাসীকে আসামি করে দুপুরে শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে। আহতরা হলেন- শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক অনুপম দেবনাথ, কনস্টেবল নুরুর রহমান, মঈনুদ্দীন ও সুকলাল। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহত চার পুলিশ সদস্যের মধ্যে অনুপম দেবনাথ ও মঈনুদ্দীনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতে অনুপম দেবনাথের মাথার প্রায় এক ইঞ্চি জায়গা কেটে গেছে। সেখানে সেলাই দিতে হয়েছে। রডের আঘাতে তার বাম উরুর মাংস থেতলে গেছে। অপর পুলিশ সদস্য মঈনুদ্দীনের ডান কানের উপরিভাগ কেটে যাওয়া সেলাই দিতে হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সহকারী উপ-পরিদর্শক অনুপম দেবনাথ শুক্রবার দুপুরে ছয়জনের নাম উল্লেখ করে দেড়শ অজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করে মামলা করেছেন। এদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘলপুর গ্রামের পাঠান পাড়ার হাজী আবদুর রহিমের ছেলে হাবিবুর রহমান ও তার ভাতিজা তাজুল ইসলাম, ভাগ্নে নাঈম ও গৃহশিক্ষক শফিকুল ইসলাম। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন সহকারী উপ-পুলিশ অনুপম দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিয়মিত টহল ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বাঘলপুর গ্রামে যান। এ সময় গ্রামের হাজী আবদুর রহিমের বাড়ির এক লোক টর্চের আলো জ্বেলে তাদের দেখেন। সন্দেহবশত তারা ওই বাড়িতে যান। কিন্তু অনেক ডাকাডাকির পরও কেউ ঘরের দরজা খোলেনি। তিনি জানান, ১৫ থেকে ২০ মিনিট পর গ্রামের ৩০/৩৫ জন লোক তাদের ঘিরে ফেলে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। তারা পুলিশ পরিচয় দিয়ে নিয়মিত টহল ও আসামি ধরার জন্য গ্রামে আসার কথা বললেও গ্রামবাসী হামলা চালায়। সহকারী উপ-পরিদর্শক বলেন, "এক পর্যায়ে ঘটনাস্থলে প্রায় ১৫০ গ্রামবাসী জড়ো হন। তাদের সবার হাতে দা, লোহার রড ও লাঠিসোটা ছিল। তারা আমাদের একটি ঘরে আটকে দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পেটায় এবং বন্দুক ছিনিয়ে নেওয়া চেষ্টা করে।" শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, "খবর পেয়ে ভোর পৌনে ৪টায় আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আবদুর রহিমের বাড়ির বারান্দায় ও রাস্তায় রক্তাক্ত ও জখম অবস্থায় চার পুলিশ সদস্য পড়ে আছে। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭৩২ ঘ.