ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোসলখানায় গোসল করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে দুইজন মারা গেছেন। এরা হলেন দর্জি জয়নাল আবেদীন (২২) ও পোশাক শ্রমিক গিয়াস উদ্দীন (৩০)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল এগারোটায় জয়নাল আগানগর নামাপাড়ায় আফতাব মিয়ার গোসল খানায় স্নান করতে যান। তিনি পানির কল থেকে বালতি ভর্তি করে গোসল করার মুহূর্তে বিদ্যুতের স্পর্শে আটকে যান। পোশাক শ্রমিক গিয়াস উদ্দীন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনের সেখানেই মৃত্যু হয়।
তাদের উদ্ধার করতে গিয়ে আরও দুজন আহত হন। এরা হলেন ইউসুফ আহমেদ (২২) ও তোফাজ্জল হোসেন (২৫)।
আফতাব মিয়ার গোসলখানায় দুই টাকার বিনিময়ে গোসল করা যায় বলে আমিরুল ইসলাম জানান। বালতির পাশে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কেন বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল সে ব্যাপারে মালিক পক্ষ পুলিশকে কিছু জানাতে পারেনি বলে আমিরুল ইসলাম জানান।
পুলিশ লাশ দু'টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়নালের বাড়ি ফরিদপুরের গোয়ালন্দে ও গিয়াস উদ্দীনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সিরাজদীখানের কুসুমপুরে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমএইচবি/০০০১ ঘ.
bdnews24