কক্সবাজার, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার মৃত সিরাজুল ইসলামের (৫৫) পরিবার হত্যার অভিযোগ এনে উপজেলা বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের বিরুদ্ধে এই মামলা করে।
হাকিম রফিকুল ইসলাম মামলাটি গ্রহণ করে পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বুধবার রাতের ওই ব্যক্তির মারা যাওয়ার জেরে বৃহস্পতিবার স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত দশজন আহত হয়েছেন।
চকরিয়ার একজন সাংবাদিক জানান, মৃত সিরাজুল ইসলামের বাবা মোহাম্মদ কালু চকরিয়া উপজেলা বিচার বিভাগীয় হাকিম আদালতে একটি হত্যা মামলা করেছেন। মামলায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সিদ্দিকী, উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ও শাহ আলম নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমাম হোসেন আদালতে মামলা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
মামলা অভিযোগে বলা হয়, সিরাজ তার ছেলে নুরুল আমিনকে মারধর না করতে অনুরোধ করলে চকরিয়া থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান তাকে বুকে আঘাত করেন ও কিল ঘুষি মারেন। এতে 'হার্টফেল' করে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। উপ-পরিদর্শক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুল আমিন ও কফিল উদ্দিনসহ কয়েকজন যুবক কয়েকদিন আগে বানিয়ারছড়া ষ্টেশন থেকে শাহ আলম নামের এক ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। তারা মোবাইল ফোনে শাহ আলমের পরিবারের সদস্যদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় শাহ আলমকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
তিনি জানান, শাহ আলমের স্ত্রী রেহেনা বেগম এই ঘটনা জানিয়ে চকরিয়া থানায় অভিযোগ করলে পুলিশ ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে নুরুল আমিন ও কফিল উদ্দিন নামের দুই যুবককে থানায় নিয়ে আসে।
নুরুল আমিনের বাবাকে থানায় ধরে আনার বিষয়টি অস্বীকার করে হাফিজুর রহমান বলেন, কে বা কারা তাকে খবর দিয়েছিল ছেলেকে থানায় পেটানো হচ্ছে। এই খবরে নিজের বাড়িতে সিরাজুল ইসলাম 'হার্টফেল' করেছেন বলে তিনি শুনেছেন।
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক জানান, তার ইউনিয়নের ভিলেজার পাড়ার দুই বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে নুরুল আমিন ও একই এলাকার কফিল উদ্দিন বিদেশ যাওয়ার জন্য উপজেলার ভেওলা মানিকচর এলাকার নজু মিয়ার ছেলে শাহ আলমকে তিন লাখ টাকা দেন। মালয়েশিয়ায় পাঠানোর নামে ওই ব্যক্তি প্রায় এক বছর আগে নিলে তাদের মালয়েশিয়ায় পাঠায়নি। এমনকি টাকাটাও ফেরত দেয়নি।
তিনি জানান, দু'দিন আগে নুরুল আমিন বানিয়ারছড়া বাজার এলাকায় শাহ আলমকে আটক করে তার কাছে নিয়ে আসেন। পরে তার পরামর্শে শাহ আলকে থানায় সোপর্দ করেন নুরুল আমিন।
চেয়ারম্যান আজিমুল হক আরও জানান, শাহ আলমকে চকরিয়া থানায় সোপর্দ করার পর বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে নুরুল আমিন ও তার বাবা সিরাজুল ইসলামকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়।
তিনি মৃত সিরাজুল ইসলামের পরিবারের বরাত দিয়ে জানান, থানায় নেওয়ার পর সেখানে সিরাজুল ইসলাম 'হার্টফেল' করেন। তাকে প্রথমে চকরিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিরাজুল ইসলামের লাশ চকরিয়া থানায় নিয়ে আসা হয়। এসময় সেখানে জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের একদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের সঙ্গে তাদের আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী বাবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। পুলিশও পাল্টা লাঠিপেটা করে। ইটের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সিদ্দিকীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ লোকজন প্রায় আধ ঘন্টা চকরিয়া-বদরখালী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমাম হোসেন ঘটনাস্থলে যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে শাহ আলমকে 'অপহরণের' অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় স্ত্রী রেহেনা বেগমসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদম পাচারে জড়িত থাকার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে আটককৃত নুরুল আমিনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ছেলেকে গ্রেপ্তারের খবর শুনে হয়তো সিরাজুল ইসলাম 'হার্টঅ্যাটাক' করতে পারেন। তিনিও মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, এখনো তদন্ত শেষ হয়নি।
পুলিশ কর্মকর্তা ইমাম হোসেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, মারা যাওয়া সিরাজুল ইসলামের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার ধারণা, হার্টঅ্যাটাকেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24