ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত এবং সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির টাস্কফোর্স।
টাস্কফোর্স সদস্যরা দুপুর ১২টার পর লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলামের নেতৃত্বে বিটিটিবি কার্যালয়ে আসেন। এরপর তারা বিটিটিবি চেয়ারম্যান আশরাফুল আলীমের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
বৈঠক শেষে আশরাফুল আলীম সাংবাদিকদের বলেন, "টাস্কফোর্স সদস্যরা আমাদের বিভিন্ন বিভাগ ও আঞ্চলিক অফিসের অনিয়মগুলো চিহ্নিত করবেন। টাস্কফোর্সের কাছ থেকে আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা পাব। বিটিটিবিকে কোম্পানি করার জন্য পুনর্গঠন প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা করবেন টাস্কফোর্স সদস্যরা।"
তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশনের একটি দলও এখানে কাজ করছে। আশা করি আমরা এর সুফল পাব।"
টাস্কফোর্সের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, বিটিটিবির কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো সেবামূলক ও কার্যকর করার জন্য বৃহস্পতিবার থেকে টাস্কফোর্স কাজ শুরু করেছে। এর পাশাপাশি বিটিটিবির দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে। বিটিটিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত টাস্কফোর্সের কার্যক্রম চলবে।
বিটিটিবির আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কারিগরি নির্দেশনাও দেবে টাস্কফোর্স সদস্যরা। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনা, গ্রাহক সেবার মান বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, বিল প্রস্তুত ও আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করাসহ সব ধরনের অব্যবস্থাপনা দূর করতে সুপারিশ দেবে।
লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিটিটিবির বিলিং প্রক্রিয়ায় দুর্বলতা রয়েছে। এটার উন্নয়ন দরকার। পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে হবে। বিটিটিবির সার্বিক কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে। কোনও অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মেজর শফিউল আজম পারভেজ বলেন, বিটিটিবি কার্যালয়ে টাস্কফোর্সের একটি অফিস স্থাপন করা হবে। বিটিটিবিতে টাস্কফোর্সের সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।
বিটিটিবিতে টাস্কফোর্সের চারটি এবং দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের দু'টি দল কাজ করবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৮০০ ঘ.
bdnews24