ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধির মামলায় জামিন না দেওয়াসহ উচ্চ আদালতের সম্প্রতিক কিছু রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টা আপিল বিভাগ বর্জন কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে এ সময় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চলে ২৫টি মামলার বিচার কার্যক্রম। মামলাগুলোর বেশিরভাগেরই শুনানি করেন সরকারি আইনজীবীরা।
সকাল সাড়ে ৯টা থেকে শতাধিক আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেন।
একই সময়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিচার কার্যক্রম শুরু করে। সকাল ১১ টা পর্যন্ত আপিল বিভাগে ২৫টি মামলার শুনানি হয়। বেশিরভাগ মামলাই ছিল সরকারের।
কর্মসূচির বিরোধিতাকারী বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ, মনসুর হাবিবসহ বেশ কিছু আইনজীবী আপিল বিভাগে উপস্থিত ছিলেন।
আদালত বর্জন কর্মসূচি শেষে সমিতির সম্পাদক ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা ও সংবিধান সমুন্নত রাখার জন্য আইনজীবীরা আপিল বিভাগে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। আপিল বিভাগের কিছু রায়; বিশেষ করে জামিনের আবেদন করা যাবে না- এ রায় আইনের শাসন ও সংবিধান পরিপন্থী।"
তিনি বলেন, "যে বার্তা বিচারপতিদের কাছে পৌঁছাতে চেয়েছি তারা তা গ্রহণ করেছেন।"
ব্যারিস্টার শফিক জানান, সপ্তাহের মাঝামাঝিতে হাইকোর্ট বেঞ্চ ভেঙে দেওয়া বন্ধ করার জন্য তারা প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন। এ ছাড়া সিনিয়র বিচারপতিদের রিট বেঞ্চের ক্ষমতা দেওয়ারও দাবি জানান তিনি।
জ্যেষ্ঠ আইনীজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।
সকালে বর্জন কর্মসূচি চলাকালে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বেশ কিছু আইনজীবী আপিল বিভাগে যান।
খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "অরাজকতা সৃষ্টির জন্য এই আদালত বর্জনের কর্মসূচি দেওয়া হয়েছে। এ ধরনের কর্মসূচি আইনজীবীরা সমর্থন করে না।"
তিনি অভিযোগ করেন, "এই কর্মসূচি ন্যয়বিচারের পরিপন্থী। এটা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24