ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ৩৩০ কোটি টাকা ব্যয়ে একলাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
খাদ্য অধিদপ্তর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ওই গম আমদানি করবে। আগামী ৩০ জুনের মধ্যেই এই গম বাংলাদেশে এসে পৌঁছুবে।
বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে কমিটির এক সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যে দেশ ৪৫ দিনের মধ্যে গম সরবরাহ করতে পারবে সে দেশ থেকেই গম আমদানি করা হবে।"
এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর পর্যন্ত গম পৌঁছে দেওয়ার জন্য প্রতি টন ৪৫০ ডলার এবং মংলা বন্দরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটন ৪৬৬ ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
এছাড়াও সভায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অত্যাধুনিক সুযোগ সুবিধাসহ সড়কটিকে চার লেনে উন্নীত করার কারিগরি নকশা প্রণয়ন সংক্রান্ত পরামর্শক নিয়োগের চুক্তি সভায় অনুমোদন করা হয়।
এশীয় উন্নয়ন ব্যাংক এই প্রকল্পের ৫০ শতাংশ আর্থিক সহায়তা দিচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও খাদ্য উপদেষ্টা এ এমএম শওকত আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৫৪৮ ঘ.
bdnews24