চাঁপাইনবাবগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের দক্ষিণ কোদালকাটি গ্রামে সীমান্ত এলাকায় মঙ্গলবার রাতে আড়াই কেজি হেরোইন আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) সদস্যরা।
বিডিআরের ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ২/৩ জন লোক ভারত থেকে পোলাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে গেলে বিডিআর সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়।
আটক হেরোইনের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে বিডিআর জানায়।
সংস্থাটি আরও জানায়, গত দুই মাসে একই এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে ১৩ কেজি হেরোইন আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৯ ঘ.
bdnews24