২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রধান করে ৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 06:46 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রধান করে ৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন- মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অধ্যাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ তদন্তের জন্যে আমাকে প্রধান করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।" ছাত্রীটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটি এরই মধ্যে অধ্যাপক কামাল উদ্দিনকে সব পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ সোমবার বলেন, "২৩ এপ্রিল মনোবিজ্ঞান বিভাগ থেকে এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে লেখা ওই ছাত্রীর একটি দরখাস্ত আমার কাছে পাঠানো হয়েছে। আমি ছুটি থেকে কাজে যোগদান করে সোমবার চিঠিটি পেয়েছি।" তিনি জানান, চিঠিটি মনোবিজ্ঞান বিভাগ থেকে পাঠানো হয়েছে। ওই ছাত্রী বা তার বাবা তা নিয়ে এখানে আসেনি। কামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, "বিভাগে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এ ধরনের হীন কথা নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বলে আমার মনে হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচসি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.