গাইবান্ধা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন রাস্তায় মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর গাড়ি পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্রামরত লোকজনকে চাপা দিলে জহুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সাহেনা (৪০) ও তার মেয়ে শাকিলাকে (৪) আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী চারজনকে ভর্তি করা হয়েছে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজিএম রেজাউল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠে ডিজেলের ভর্তুকির টাকা ও ভিজিডির আটা নিতে আসা লোকজন পাশের একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় এসব কাজ তদারক করতে আসা সেনাবাহিনীর একটি গাড়ি সেখানে পার্ক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনকে চাপা দেয়।
তিনি জানান, নিহত জহুরুল উপজেলার পাকুর তোলা গ্রামের মকছেদ আলীর ছেলে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24