ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঝোড়ো হাওয়ার আশঙ্কায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল ও বজ্রমেঘের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ সতর্কতা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী দায়িত্বরত কর্মকর্তা গোলাম মোস্তফা সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর আন্দামান সাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চরণশীল বজ্র মেঘের কারণে সাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একারণে সমুদ্র বন্দরগুলোকে ওই সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বুলেটিনে।
তাপপ্রবাহ
এদিকে আবহাওয়া দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আবদুর রহমান জানান, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো কিছু সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/টিএইচ/এসকে/১১৩৪ঘ.
bdnews24