বরগুনা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় এক পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে নিহত হয়েছে দুই গ্রামবাসী। আহত হয়েছে আরও পাঁচ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে রোববার রাতে হানা দেয় ডাকাত দল। তারা ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামাল হোসেনের বাড়ি এবং পাশের গ্রামের একটি বাড়িতে লুটপাট চালায়।
কামাল হোসেনের বাবা আবদুল মান্নান মাস্টার সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫/২০ জন সশস্ত্র ডাকাত তার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে। এরপর তারা লুটাপাট করে চলে যাওয়ার সময় বাড়ির লোকের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে।
তিনি বলেন, "গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে আব্দুস সাত্তার মল্লিকের ছেলে শাহ আলম মল্লিক (৪৮) ও আব্দুল কাদের মেম্বারের কলেজ পড়ুয়া ছেলে দুলাল হোসেন (২৫) ঘটনাস্থলেই মারা যায়।"
ডাকাতরা বাড়ি থেকে নগদ ২৩ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে মান্নান মাস্টার জানান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, মান্নান মাস্টারের বাড়িতে লুটপাট চালিয়ে ডাকাত দল হানা দেয় নাচনাপাড়া গ্রামের মাজেদ মল্লিকের বাড়িতে। সেখানে ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হন পাঁচ জন।
ডাকাতের হামলায় আহত পাঁচ জনকে রোববার রাতেই বরগুনা সদর হাসপাতালে আনা হয়। এর মধ্যে গুরুতর আহত রতন মিয়া (৬০) কে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রামদার কোপে তার মাথার খুলি ফেটে গেছে।
ওসি নুরুল আমিন জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। জেলা পুলিশ সুপার তানবীর হায়দার চৌধুরী সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.
bdnews24