সাভার, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভের একদিন পর সোমবার সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত রোববার দুপুরে রেড পয়েন্ট ব্যাকেট লিমিটেড নামের ওই পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক ডিইপিজেড চত্ত্বরে বিক্ষোভ করে। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে ৭৮ জন শ্রমিককে ছাঁটাইও করেছে কারখানা কর্তৃপক্ষ।
সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজ করতে যায়। কিন্তু মূল ফটকে বন্ধ ঘোষণার নোটিশ পেয়ে তারা ফিরে যান।
কারখানায় গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকগো আন্দোলনের কারণে কর্তৃপক্ষ বাধ্য হইয়া কারখানা বন্ধ করছে।"
মূল ফটকের সামনে উপস্থিত ওই কারখানার শ্রমিক আবদুর রাজ্জাক ও সালাম জানান, কারখানা বন্ধের সিদ্ধান্ত তারা মেনে নেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫২৯ ঘ.
bdnews24