২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে আরিফা খাতুন মঞ্জু (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মঞ্জুর ঝুলন্ত লাশ উদ্ধার করা করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 06:25 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঝিনাইদহ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে আরিফা খাতুন মঞ্জু (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মঞ্জুর ঝুলন্ত লাশ উদ্ধার করা করে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে মঞ্জুকে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়। পুলিশ মঞ্জুর স্বামী ও শাশুড়িতে গ্রেপ্তার করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের জানান, পুলিশ রোববার সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে মঞ্জুর লাশ উদ্ধার করে। লাশটি ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ায় ঝুলছিল। মঞ্জুর বাবা তাহাজ্জত হোসেন মোল্লা জানান, দুই বছর আগে উত্তর মির্জাপুর গ্রামের স্বপন শেখের সঙ্গে মঞ্জুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য মঞ্জুর ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এ নিয়ে একবার সালিশও হয়। তিনি বলেন, "স্বপন রোববার যৌতুকের জন্য মঞ্জুকে মারধর করে। ওই সময় মঞ্জু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। পরে লাশটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে এবং প্রচার করে মঞ্জু আত্মহত্যা করেছে।" হত্যার অভিযোগ এনে তাহাজ্জত হোসেন মোল্লা শৈলকূপা থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি ওয়াজেদ আলী বলেন, "পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। স্বপন শেখ ও তার মা অমেলা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৪ ঘ.