চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সাড়া জাগিয়ে রোববার শেষ হলো তিন দিনের ল্যাপটপ মেলা। প্রথমবারের মত অনুষ্ঠিত এই মেলায় আগ্রহীদের ভিড় ছিল দেখার মত। আর সে কারণে শেষ দিনে আয়োজক ও অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলেছে মেলা সফল হয়েছে।
গত শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শুরু হওয়া 'ল্যাপটপ পোর্ট-২০০৮' ব্যাপক সাড়া জাগাতে পেরেছে বলে মনে করেন মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভ মুহম্মদ খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনিদিনে লক্ষাধিক দর্শনার্থীর অংশগ্রহণ মেলার সফলতাই প্রমাণ করে। তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে চট্টগ্রামের জনগণও এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ল্যাপটপের একটি বড় বাজারে পরিণত হবে চট্টগ্রাম। এ মেলার মধ্য দিয়ে আগতরা যেমন সর্বাধুনিক প্রযুক্তির ল্যাপটপের সাথে পরিচিত হতে পেরেছেন তেমনি এর প্রতি আগ্রহও তৈরি হয়েছে তাদের।"
মেলার শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত ল্যাপটপের প্রতি আগ্রহী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তরুণ-তরুণী, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ী, এমনকি শিশুদেরও আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক মডেলের ল্যাপটপ।
এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় ল্যাপটপ নিয়ে ভিন্ন মাত্রার ফ্যাশন শো'র আয়োজনও দর্শনার্থীদের নজর কেড়েছে।
কেডিএস গ্র"পের সিনিয়র এক্সিকিউটিভ কামরুল করিম মেলায় এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ কিনেছেন। তিনি মেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ল্যাপটপের প্রয়োজনীয়তা অপরিসীম। এ মেলা থেকে সর্বশেষ প্রযুক্তি ও সুবিধা সম্পর্কে জেনে ল্যাপটপ কিনেছি।"
তিনি আরও বলেন, "চট্টগ্রামের দেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। সুতরাং অর্থনৈতিক অগ্রগতির জন্য তথ্য প্রযুক্তিতেও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এবং এক্ষেত্রে এ মেলা ব্যাপক অবদান রাখবে।"
রোববার বিকাল পাঁচটা পর্যন্ত তিনদিনে বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের মোট ১৭০ টি ল্যাপটপ বিক্রি হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এদিন সকালে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য মেলা পরিদর্শন করেন এবং এর সাফল্য কামনা করেন।
শুধু বিক্রি বা ব্যবসায়িক ক্ষেত্রে নয়, বন্দর নগরীতে ল্যাপটপের বাজার তৈরিতে এ মেলা অবদান রাখবে বলে আয়োজক ও মেলায় অংশ নেওয়া স্টলের কর্মকর্তারা মত ব্যক্ত করেছেন।
মেলার প্রাপ্তি সম্পর্কে আসুস'র প্রডাক্ট ম্যানেজার একেএম মহিউদ্দিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার বাইরে চট্টগ্রামে প্রথম বারের মত অনুষ্ঠিত এই ল্যাপটপ মেলা সফল বলা চলে। আগতের মাঝে তথ্য প্রযুক্তি নিয়ে আগ্রহ আমাদের আশাবাদী করেছে।"
বেনকিউ ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর কম ভ্যালি লিমিটেডের এসিস্ট্যান্ট প্রডাক্ট ম্যানেজার আসলাম ইকবাল বলেন, "শুধু বিক্রি নয়, বেনকিউ'র বিভিন্ন মডেলের ল্যাপটপ সম্পর্কে ক্রেতাদের জানাতে মেলায় অংশ নিয়েছি। এ ক্ষেত্রে মেলা সফল বলা চলে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24