২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি আইন কঠোর হলো

আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির বিধান রেখে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ রোববার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ওই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের ওপর ৪৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির বিধান রেখে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ রোববার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ওই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের ওপর ৪৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন মনে করলে নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৪৫ দিন বাড়াতে পারবে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এতে সভাপতিত্ব করেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বিস্তারিত জানান। বর্তমান সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইনে দোষী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪ দিনের নিষেধাজ্ঞা জারির বিধান রয়েছে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রয়োজনে এ মেয়াদ আরো ১৪ দিন নিষেধাজ্ঞা বাড়াতে পরে। নতুন অধ্যাদেশে শাস্তির মেয়াদ ১৪ দিনের পরিবর্তে ৪৫ দিন করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের আইনভঙ্গের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণেরও সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশে। দায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ থেকে এই ক্ষতিপূরণ দেয়া হবে। বর্তমান আইনের অধীনে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলাকালে ওই প্রতিষ্ঠান এসইসিকে তথ্য সরবরাহ করতে বাধ্য নয়। অনুমোদিত অধ্যাদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তদন্তকারী দলকে তথ্য দিতে বাধ্য থাকবে। গত বছরের ১১ নভেম্বর উপদেষ্টা পরিষদ এ অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছিল। ফাহিম মুনয়েম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত সরকারি কর্মচারী অধ্যাদেশ ২০০৮ ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ১৯৭৬ সালের সরকারি কর্মচারী অধ্যাদেশ অনুযায়ী, যে কোনো সরকারি কর্মচারী রাষ্ট্রপতির অনুমতি নিয়ে কোনো বিদেশি নাগরিককে বিয়ে করার সুযোগ পেলেও পররাষ্ট্র দপ্তরের কর্মচারী এ সুযোগ পেতেন না। নতুন অধ্যাদেশে পররাষ্ট্র দপ্তরের কর্মচারীদের জন্যও রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে এই সুযোগ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল কর্মচারী সমান সুবিধা ভোগ করবে। উপদেষ্টা পরিষদ বাংলা একাডেমী অধ্যাদেশ ২০০৮ ও নীতিগতভাবে অনুমোদন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/জেকে/এমএইচবি/২১০১ ঘ.