সাভার, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রোববার দুপুরে বিক্ষোভ করেছে।
বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৭৮ জন শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ।
একইদিন পলাশবাড়ি এলাকায় আরেকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত নবীনগর-কালিয়াকৈর সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে।
রেড পয়েন্ট ব্যাকেট লিমিটেড কারখানার প্রায় তিন হাজার শ্রমিক ডিইপিজেড চত্ত্বরে সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ করে।
ইব্রাহিম, মাকছুদা, দিলারা, রাজু, জাহানারা, শরীফাসহ রেড পয়েন্ট ব্যাকেট কারখানার বেশ কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিফিন ও দুপুরের খাবারের টাকা ১০ থেকে বাড়িয়ে ২০ টাকা করা এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাই না করার দাবিতে তারা বিক্ষোভ করেছেন।
একইসঙ্গে কারখানার কয়েকজন কর্মকর্তাকে অপসারণের দাবিও তুলেছেন তারা।
এ বিষয়ে রেড পয়েন্ট ব্যাকেট লিমিটেডের ব্যবস্থাপক মারওয়ান বলেন, "যে সকল শ্রমিক অযৌক্তিক দাবি তুলে আন্দোলন করেছে তাদের সঙ্গে আমাদের কোন সর্ম্পক নেই। একইসঙ্গে আজকের এ আন্দোলনে যারা উসকানি দিয়েছে তাদের সনাক্ত করে ৭৮ জনকে ছাঁটাই করা হয়েছে।"
এর মধ্যে পাঁচজন তাদের পাওনাদি নিয়ে গেছে। রোববার কারখানায় আর কাজ হয়নি বলেও তিনি জানান।
আশুলিয়া থানা উপ-পরিদর্শক মাজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা যাতে কোন বিশৃঙ্খলা বা ভাংচুর করতে না পারে সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর মহাব্যবস্থাপক এফ এম আব্দুল রশিদ বলেন, "আন্দোলনকারী শ্রমিকদের সনাক্ত করে কারখানার কর্তৃপক্ষ ছাঁটাই করেছে। বেপজার নিয়ম অনুযায়ী ছাঁটাইকৃতদের তিন মাস তের দিনের পাওনাদি দিয়ে দিতে হবে। বর্তমানে কারখানা এলাকা শান্ত রয়েছে।"
নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়ি এলাকায় এটিমার নামের প্যান্ট তৈরির একটি কারখানার প্রায় ২৫০ শ্রমিক এক মাসের বকেয়া বেতনের দাবিতে বেলা সাড়ে এগারটা থেকে বারটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের উপস্থিতিতে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বৈঠক হয়। মালিক পক্ষ ১৫ মে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
কারখানার মালিক জাবেদ বলেন, শ্রমিকরা একমাসের বেতন পাবেন। ১৫ মে তাদের বেতন পরিশোধ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24