ঢাকা, মে ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির দায়ে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে আট বছরের কারাদণ্ড এবং ৫৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত।
রোববার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন এ রায় দেন।
রায়ে মির্জা আব্বাসকে দুটি ধারায় সাজা দেওয়া হয়। এর মধ্যে কর সংক্রান্ত তথ্য গোপন করায় তিন বছরের কারাদণ্ড এবং সম্পত্তির তথ্য গোপন করায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুই ধারায় দেওয়া শাস্তি একযোগে চলবে। তাই তাকে পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। এছাড়াও আসমীর গোপনকৃত ২ কোটি ২৪ লাখ ৬৮ হাজার ৬৯ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
আসামীর আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলেও রায়ে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভাকেট খুরশিদ আলম খান এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
গত বছরের ৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার রেজাউল করিম বাদি হয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। এতে অভিযোগ করা হয়, আব্বাস ১৯৯০-'৯১ কর বর্ষ থেকে ২০০৬-'০৭ কর বর্ষ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ৬৮ হাজার ৬৯ টাকার সম্পত্তির জন্য প্রযোজ্য কর ৫৯ লাখ ৭৯ হাজার ৩৮৯ টাকা ফাঁকি দিয়েছেন।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিতে এসে যৌথ বাহিনীর হাতে আটক হন মির্জা আব্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২৪৬ ঘ.
bdnews24