ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় শুক্রবার এক ছাত্রের মৃত্যুর জের ধরে শনিবারও তেজগাঁও এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা টঙ্গি ডাইভারশন সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করলে বেলা তিনটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে ছাত্র ও পুলিশসহ আহত হয়েছে শতাধিক।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ বেলা ১টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়। ছাত্ররা প্রথমে এ নির্দেশ মানতে রাজি না হলেও দুপুর আড়াইটার পর তারা হল ছাড়তে শুরু করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
শুক্রবার রাতে আশিকুর রহমান নামে ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র গাড়িচাপায় নিহত হলে ছাত্ররা সাত রাস্তা মোড়ে টঙ্গি ডাইভারশন সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। ওই সময় একটি বাসেও আগুন ধরিয়ে দেয় তারা। ইনস্টিটিউটের সামনের রাস্তায় গতিরোধক নির্মাণের দাবিতে এক পর্যায়ে সাতরাস্তা এলাকায় লাঠি মিছিল শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়লে অন্তত ১০ জন আহত হয়।
পরে ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে রাতে ছাত্ররা ছাত্রাবাসে ফিরে যায়।
শনিবার সকাল ১০টার দিকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে টঙ্গী ডাইভারশন সড়কে অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করে তারা।
এ সময় পুলিশ মহাখালী ফিনিক্স ক্রসিং থেকে এফডিসি ক্রসিং পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। মগবাজারগামী গাড়িগুলোকে মহাখালী থেকে ফার্মগেটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। আর মাহখালী গাড়িগুলো ফার্মগেট হয়ে যাতায়াত করে। এ কারণে ওই সড়কে দেখা দেয় প্রচণ্ড যানজট। এর চাপ পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও।
দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে এবং টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ছাত্ররাও পাল্টা ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পিছু হেটে আব্দুল লতিফ ছাত্রাবাসের সামনে অবস্থান নেয়। পরের তিন ঘণ্টা সেখান থেকেই পুলিশের সঙ্গে তাদের বিরামহীন সংঘর্ষ চলে।
সংঘর্ষ চলাকালে অধ্যক্ষসহ ইনস্টিটিউটের শিক্ষকরা একাধিকবার ছাত্রদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও কোনো লাভ হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শিক্ষকরা জরুরি সভা করে বেলা ১টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মাইকের মাধ্যমে ঘোষণা করা হলে ছাত্ররা তা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে।
বেলা পৌনে ১টার দিকে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ৫/৬ জন ছাত্রকে একপাশে ডেকে নিয়ে তাদের বোঝানোর চেষ্টা চালান। এ সময় অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকও ছাত্রদের শান্ত করার চেষ্টা চালান।
সোয়া একটার দিকে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের একটি প্রতিনিধি দলের আলোচনা শুরু হয়। বৈঠকে শিক্ষকরা ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্তের ব্যাপারে ছাড় দিতে রাজি না হলে বেলা সোয়া দুইটার দিকে ছাত্ররা বৈঠক থেকে বেরিয়ে আসে। আড়াইটা থেকে তারা যে যার মতো ছাত্রাবাস ছেড়ে চলে যেতে শুরু করে।
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল তিনটার দিকে টঙ্গী ডাইভারশন সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়।
শিক্ষকদের সঙ্গে বৈঠকে উপস্থিত নাজিউল আহসান নামের এক শিক্ষার্থী বলেন, "এ মাসের ১৮ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। স্যাররা বলেছেন, ২/৩ দিনের মধ্যে ছাত্রাবাস খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আমরা ছাত্রাবাস ছাড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছি।"
হাসানুর রহমান রানা নামের শেষ বর্ষের এক ছাত্র জানান, তারা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে ছাত্রাবাস ত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার ছাড়াও ইনস্টিটিউটের সামনে গতি রোধক নির্মাণ, নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, মূল সড়ক থেকে ভেতরের ছোটো রাস্তায় ভারি যানবাহন চলাচল বন্ধ করা, ফুটপাত থেকে রিক্সাসহ যানবাহনের গ্যারেজ সরিয়ে নেওয়া, বাসে ছাত্রদের ভাড়া অর্ধেক করা-ইত্যাদি দাবি রয়েছে।
রানা অভিযোগ করেন, পুলিশ সকালে লতিফ ছাত্রাবাসে ঢুকে ছাত্রদের বেধড়ক পিটিয়েছে। এতে প্রায় ৪০জন আহত হয়েছে। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অধ্যক্ষ শামসুল আলম প্রথমে সাংবাদিকদের বলেন, "ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের পরও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এ জন্য দুপুর ১টার মধ্যে ছাত্রদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।"
শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, "ছাত্রাবাস ত্যাগের নির্দেশ বহাল রয়েছে। তবে লেখাপড়ার প্রয়োজনে যত দ্রুত সম্ভব ছাত্রাবাসগুলো খুলে দেয়ার চেষ্টা করবো আমরা।"
ইনস্টিটিউটের প্রশিক্ষক রেদওয়ানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্ররা যে সব দাবি জানিয়েছে সেগুলোর ব্যাপারে শিক্ষকরাও একমত। আমরাও এসব দাবি পূরণের চেষ্টা চালাচ্ছি।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে মোট ৫টি ছাত্রাবাস রয়েছে। এগুলো হচ্ছে- আব্দুল লতিফ ছাত্রাবাস পূর্ব ও পশ্চিম, জহির রায়হান ছাত্রাবাস, মোতাহার হোসেন ছাত্রাবাস ও একটি ছাত্রী নিবাস।
সহকারী পুলিশ কমিশনার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ও উপ পুলিশ কমিশনার মাহবুবুর রহমানসহ প্রায় অর্ধশত পুলিশ সদস্য সংঘর্ষে আহত হয়েছেন। একবার পুলিশ লতিফ ছাত্রাবাসের ভেতর ঢুকেছিল। কিন্তু পরে বেরিয়ে আসে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ শান্ত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/জিএনএ/১৯০১ ঘ.
bdnews24