২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারা গ্রামেও বাড়িতে ফাটল, প্রতিরোধের মুখে শেভরনের জরিপ বন্ধ

কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামেও এলাকাবাসীর প্রতিরোধের মুখে ত্রিমাত্রিক জরিপ বন্ধ করতে বাধ্য হয়েছে শেভরন। শুক্রবার জরিপ কাজের জন্য বিস্ফোরণ ঘটানো হলে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়। এরপরই বিক্ষুব্ধ গ্রামবাসী জরিপকারীদের বাধা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

মৌলভীবাজার, ০৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামেও এলাকাবাসীর প্রতিরোধের মুখে ত্রিমাত্রিক জরিপ বন্ধ করতে বাধ্য হয়েছে শেভরন। শুক্রবার জরিপ কাজের জন্য বিস্ফোরণ ঘটানো হলে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়। এরপরই বিক্ষুব্ধ গ্রামবাসী জরিপকারীদের বাধা দেয়। বৃহস্পতিবার পার্শ্ববর্তী বালিগাঁও গ্রামের লোকজনের বাধার মুখে সেখানকার জরিপ কাজ বন্ধ রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এই তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান। শুক্রবার বিকেলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে গ্রামবাসীর সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে শেভরন কর্মকর্তারা। কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ত্রিমাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপের অংশ হিসেবে বাগমারা এলাকায় বিস্ফোরণ ঘটায় শেভরন। এ সময় প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। অনেক ঘরে ফাটল দেখা দেয়। এ অবস্থায় স্থানীয় লোকজন জড়ো হয়ে জরিপ বন্ধ করার দাবি জানালে শেভরনের কর্মীরা কাজ বন্ধ করতে বাধ্য হয়। কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরে ফাটল দেখা দেওয়ার খবর শুনে আমি বালিগাঁও গ্রামে গিয়েছি। সেখানে অনেক ঘরে ফাটল দেখেছি।" তিনি বলেন, "শেভরনকে বলা হয়েছে, যে বিস্ফোরণ ঘটালে বাড়িঘরের ক্ষতি হবে সে ধরনের বিস্ফোরণ যেন ঘটানো না হয়। গ্রামবাসীর দাবির মুখে রোববার পর্যন্ত জরিপ কাজ বন্ধ রাখার জন্যও শেভরনকে অনুরোধ করা হয়েছে।" শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের একটি বাড়িতে গ্রামবাসীর সঙ্গে বৈঠকে বসে শেভরন কর্তৃপক্ষ। এতে শেভরনের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের সহকারী কমিউনিটি রিলেশন অফিসার ইমাম হোসেন ও জরিপ কাজে নিয়োজিত কোম্পানি জিও কাইনেটিকস এর পাবলিক রিলেশনস ম্যানেজার অনুজ চৌধুরী বাবু। এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। শেভরনের সহকারী কমিউনিটি রিলেশনস অফিসার ইমাম হোসেন জানান, রোববার টিম পাঠিয়ে স্থানীয়দের ক্ষতিপুরণ দেয়ার ব্যবস্থা করা হবে। শেভরনের এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক নাসের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বালিগাঁওয়ে ঘরবাড়ির ক্ষতি হওয়ার কথা শুনেছি। বাগমারায় কোনো ফাটলের কথা এ মুহূর্তে জানি না। অনেক জায়গায় আমাদের কাজ চলছে। দু'এক জায়গার কাজ সাময়িক বন্ধ থাকতে পারে।" তিনি বলেন, "ঘরবাড়ির কাজে দুর্বলতা থাকলে ফাটল দেখা দিতে পারে। এ রকম কিছু হলে আমরা ক্ষতিপূরণ দিতে প্রতিশ্র"তিবদ্ধ। গ্রামবাসীর সঙ্গে সমঝোতার মাধ্যমে খুব শিগগিরই আবার কাজ শুরু করার ব্যাপারে আশাবদী আমরা।" এর আগে বৃহস্পতিবার বালিগাঁও গ্রামে দুটি স্থানে পরপর বিষ্ফোরণ ঘটানোর পর গ্রামের অনেক বাড়িতে ফাটল দেখা দেয়। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীর প্রতিরোধের মুখে জরিপ কাজ বন্ধ করে চলে যেতে বাধ্য হয় শেভরন কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২৩৩৫ ঘ.