২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটতি মেটাতে ৭ হাজার কোটি টাকা চেয়েছে বিপিসি

জ্বালানি তেল আমদানি ও ঋণ পরিশোধের জন্য ৭ হাজার কোটি টাকা ঘাটতিতে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জুন-ডিসেম্বর মাসের ঘাটতি মোকাবেলায় সরকারের কাছে ওই পরিমাণ টাকা চেয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে তেল কেনার জন্য দুইটি বিদেশি ব্যাংকের কাছ থেকে বিপিসির নতুন ঋণ পাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে উঠেছে। জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালানি তেল আমদানি ও ঋণ পরিশোধের জন্য ৭ হাজার কোটি টাকা ঘাটতিতে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জুন-ডিসেম্বর মাসের ঘাটতি মোকাবেলায় সরকারের কাছে ওই পরিমাণ টাকা চেয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে তেল কেনার জন্য দুইটি বিদেশি ব্যাংকের কাছ থেকে বিপিসির নতুন ঋণ পাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে উঠেছে। বিপিসির চেয়ারম্যান আনোরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিজস্ব খাত থেকে তেলের অর্থ যোগান দেয়ার পরও প্রায় ৭ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। আমরা ডিসেম্বর নাগাদ তেল আমদানি ও ঋণ পরিশোধের জন্য সরকারের কাছে ওই টাকা চেয়েছি।" তিনি জানান, গত সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয়ে এ ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়েও এর অনুলিপি পাঠানো হয়েছে। জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিপিসির জন্য ৭ হাজার কোটি টাকার একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। এটি দ্রুত অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।" বিপিসির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় বিপিসির আর্থিক অবস্থা শোচনীয়। আন্তর্জাতিক বাজারে এখন প্রতি ব্যারেল ডিজেল এখন ১৪৪ ডলারে বিক্রি হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, "ঘাটতি মেটাতে হলে বিপিসির ৭ হাজার কোটি টাকা দরকার। এটা সরকারকে দিতে হবে, না হয় ঋণ নিতে হবে।" বিপিসির হিসাব অনুযায়ী, দেশে এখন প্রতি লিটার ডিজেলে ৩৫ টাকা ও কেরোসিনে ৩৪ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। অন্য জ্বালানি তেলেও ভর্তুকি দিতে হচ্ছে। আগে অকটেন বিক্রি করে লাভ করতো বিপিসি। এখন অকটেনেও ভর্তুকি দিচ্ছে। বিপিসি চেয়ারম্যান বলেন, "এ অবস্থা চলতে থাকলে বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারের মূল্য অনুসারে বিপিসির ঘাটতি দাঁড়াবে ১১ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়লে ঘাটতিও বাড়বে।" বিপিসির কর্মকর্তারা জানান, তাদের কাছে এখন ২৫ দিনের ডিজেল মজুদ রয়েছে। ১১ মে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) থেকে ৩০ হাজার টন অপরিশোধিত তেল দেশে পৌঁছবে। এর মধ্যে ডিজেল ও জেট ফিউয়েল থাকবে। এদিকে বিপিসির জন্য ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে ৩০ কোটি ডলার ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা গেলেও অন্য কোনও ঋণের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ফ্রান্স ভিত্তিক বিএনপি পারিবাসের কাছে ঋণ চাওয়া হলেও দুটো প্রস্তাবই অনিশ্চিত হয়ে পড়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ২৫ কোটি ডলার ঋণ নেওয়ার জন্য লাইবরসহ (লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) ১ দশমিক ৭৯ শতাংশ হারে সুদ দেওয়ার প্রস্তাব করলেও ব্যাংক কর্তৃপক্ষ লাইবরসহ ২ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ চাইছে। এ কারণে বিষয়টি ঝুলে গেছে। এছাড়া এপ্রিলের প্রথম দিকে বিএনপি পারিবাসের কাছে ২০ কোটি ডলার ঋণ চাওয়া হয়েছিল। তারাও এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১৮২৫ ঘ.