২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ওয়াশিংটন মানবে না: বাউচার

বাংলাদেশে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ওয়াশিংটন মেনে নেবে না বলে জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড এ বাউচার। শুক্রবার ঢাকার আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 09:16 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ওয়াশিংটন মেনে নেবে না বলে জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড এ বাউচার। শুক্রবার ঢাকার আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও জানিয়েছেন। জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলেও তার মত। বাংলাদেশে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনও পূর্বাভাস পাচ্ছেন কিনা- সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হলে উত্তর আসে, "না।" একইসঙ্গে বাউচার বলেন, "বাংলাদেশের সামনে একটি পথই রয়েছে, আর তা হল গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচন করা। সেনাপ্রধানসহ সবাই আমাকে বলেছে এটাই একমাত্র পথ। এ পথ থেকে কোনও ধরনের বিচ্যুতি আমরা মেনে নেব না। বাংলাদেশ যেন এটা অর্জন করতে পারে সে জন্য আমরা সবার সঙ্গে কাজ করবো।" সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর মন্তব্যের পর রিচার্ড বাউচারের বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রেরও একই অবস্থান স্পষ্ট হলো। এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেছিলেন, বাংলাদেশে সেনাবাহিনীর কোনও হস্তক্ষেপ বা সেনাবাহিনীর শাসনকে তার দেশ কখনই সমর্থন করবে না। রিচার্ড বাউচার বলেন, "আমরা মনে করি না, জরুরি অবস্থার মধ্যে একটি ভালো নির্বাচন হতে পারে। আমরা মনে করি, জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধি নিষেধও তুলে দেওয়া প্রয়োজন।" তিনি বলেন, "জরুরি অবস্থা তুলে নেওয়া হোক- এটা আমরা চাই। একটি ভালো নির্বাচন করার জন্য এটা প্রয়োজন।" আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের ওপর জোর দিয়ে বাউচার বলেন, "আমরা আশা করি নির্বাচন হবে, হওয়া উচিত। আমরা এটাও মনে করি, নির্বাচনে সবার অংশ নেওয়া প্রয়োজন। আর এ বিষয়ে দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করেই একটি সমঝোতায় পৌঁছানো উচিত।" আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও প্রতিশ্র"তি দেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী। তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো পরিস্থিতিকে কিভাবে দেখছে আমি তা শুনতে চাই। তারা কিভাবে অংশগ্রহণ করতে চায় এবং তাদের অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে, তা আমি তাদের কাছ থেকে শুনব।" সন্ত্রাসীরা আগামী নির্বাচনে বাধা দিতে পারে- এমনটাও মনে করেন না বাউচার। তিনি বলেন, "বাংলাদেশে এ মুহূর্তে সুনির্দিষ্ট কোনও সন্ত্রাসী হামলার আশঙ্কা নেই।" তবে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, "আমার মনে হয় সন্ত্রাসীরা নির্বাচনে বাধা সৃষ্টি করবে এমন সম্ভাবনা সব সময় থেকে যায়। এই ধরনের দল (জেএমবি) ও অন্যান্য সক্রিয় দলের হামলার সম্ভাবনা সব সময় থাকে। এ জন্য আপনাদের সতর্ক হতে হবে।" রিচার্ড বাউচার দুই দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। তিনি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন এবং বেশ কিছু সরকারি কর্মকর্তার সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এমআই/১৬৫৯ ঘ.