২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৯ এর শুরুতেই নির্বাচিত সরকার দেখতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আগামী বছরের শুরুতেই একটি নির্বাচিত ও স্থিতিশীল সরকারকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র আগামী বছরের শুরুতেই একটি নির্বাচিত ও স্থিতিশীল সরকারকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচার। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করার পর বাউচার সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগুচ্ছে। এ বছরের শেষ নাগাদ বাংলাদেশকে গন্তব্যে দেখতে চাই আমরা।" পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বাউচার বলেন, "সময়মতো নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সরকার কীভাবে কাজ করছে তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।" তিনি বলেন, "আমাদের বিশ্বাস, আগামী বছরই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে বাংলাদেশের ক্ষমতায় দেখা যাবে। কিন্তু সেই সরকার যাতে স্থিতিশীলভাবে গণতান্ত্রিক পরিবেশে কাজ চালিয়ে যেতে পারে সেই নিশ্চয়তাও প্রয়োজন।" বাউচার সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এ ব্যাপারে তার দেশের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সরকার সাহায্য করতে পরে মন্তব্য করে তিনি বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগকে জোরদার করতে পারে। বাউচার পরে সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমদের সঙ্গে দেখা করেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তার সঙ্গে ছিলেন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। রিচার্ড এ বাউচার বাংলাদেশে দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএ/১৬০৫ ঘ.