২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় আমানের ৭ বছর কারাদণ্ড

চাঁদাবাজির একটি মামলায় সাবেক শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে বৃহস্পতিবার ৭ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলার আসামি হাজী লতিফ ব্যাপারীকে ৫ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড এবং চাঁদাবাজির সময় উপস্থিত থাকার দায়ে ১০ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় সাবেক শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে বৃহস্পতিবার ৭ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলার আসামি হাজী লতিফ ব্যাপারীকে ৫ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড এবং চাঁদাবাজির সময় উপস্থিত থাকার দায়ে ১০ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এই ১০ জন হলেন- মজিবুর রহমান দীপু, এস এম ফিরোজ, আবুল কালাম, আবদুল হামিদ লাল, মাস্তান, সৈকত, মো. হোসেন, জিল্লুর রহমান জিল্লু, আবুল কালাম ও মো. রাজা। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলতাফ হোসাইন এ রায় দেন। দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার খাজা সুপার মার্কেটের মালিক হাজী রফিউল আলম গত বছরের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। বাদী অভিযোগ করেন, আমান উল্লাহ আমানের নির্দেশে আসামিরা ২০০৪ সালের ২৬ জুন খাজা সুপার মার্কেটের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং পরে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় তারা। বাদি পরে বাধ্য হয়ে আমানকে ১৫ লাখ টাক দেন। মামলাটি পরে জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। রায় ঘোষণার সময় আমান, লতিফ ব্যাপারী, মজিবুর রহমান, ফিরোজ, আবুল কালাম ও আবদুল হামিদ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ যে রায় হলো, তা দেখেই বোঝা যায় বিচার বিভাগ কতটা স্বাধীন।" তিনি বলেন, "বিচার চলার সময় কোনো সাক্ষী আমান উল্লাহ আমানের বিরুদ্ধে চাঁদা নেওয়ার কথা উল্লেখ করেনি।" এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি। আমানের আরেক আইনজীবী নুরুল ইমান বাবুল বলেন, "একই অভিযোগে একই বাদী ২০০৪ সালের ৭ জুলাই আরেকটি মামলা করেছিলেন। ওই মামলায় বিচার বিভাগীয় তদন্ত হয়। বাদী তখন মামলাটি স্বপ্রণোদিত হয়ে প্রত্যাহার করে নিয়েছিলেন।" মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. তারিক হোসেন। এর আগে অবৈধ সম্পদের মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের মামলায় আমানকে ১৩ বছর কারাদণ্ড দেয় আদালত। গত বছরের ২১ জুন ওই মামলার রায় দেয়া হয়। গত বছর ৩ ফেব্র"য়ারি রাতে যৌথবাহিনীর সদস্যরা আমানউল্লাহ আমানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এমএআর/জেকে/এমএ/১৫১৬ ঘ.