২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ দমনে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সন্ত্রাসবাদ দমনে সহায়তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র সরকার। সন্ত্রাস দমনে বাংলাদেশের কিছু র‌্যাব ও পুলিশ সদস্যকে প্রশিক্ষণ এবং মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আইন প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। (নামের সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে সন্ত্রাসবাদ দমনে সহায়তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র সরকার। সন্ত্রাস দমনে বাংলাদেশের কিছু র‌্যাব ও পুলিশ সদস্যকে প্রশিক্ষণ এবং মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আইন প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। (নামের সংশোধনীসহ) বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক সমন্বয়ক রাষ্ট্রদূত ডেল এল ডেইলি বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক করে সহায়তার ধরন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিষয় ও সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের অবস্থান সম্পর্কে আলোচনা করেন। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ডেল এল ডেইলি সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে সন্ত্রাসবাদ দমনে সহায়তা দিতে আগ্রহী। কিভাবে বাংলাদেশকে সন্ত্রাস দমনে সহায়তা করা যায় এ বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হয়েছে। " তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সরকার মনে করে জেএমবি দমনে বাংলাদেশ যে ভূমিকা পালন করেছে তা অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশ সন্ত্রাস দমনে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। মার্কিন কর্মকর্তা সকালে সচিবালয়ে এসে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন পরে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডেইলির বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে বাংলাদেশের কিছু র‌্যাব ও পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে আগ্রহ দেখিয়েছে।" এছাড়া অন্য কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে তিনি মন্তব্য করেন। মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক প্রসঙ্গে আইন উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র মানি লন্ডারিং আইন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা (কাউন্টার টেরোরিজম) আইন সম্পর্কে তাদের আগ্রহ দেখিয়েছে। মার্কিন কর্মকর্তাকে জানানো হয়েছে বাংলাদেশে ইতোমধ্যে মানি লন্ডারিং আইন প্রণয়ন করা হয়েছে।" তিনি জানান, মার্কিন কর্মকর্তা মানি লন্ডারিং আইনের কাঠামো দেখতে চেয়েছেন। একই সঙ্গে তিনি এই দুটি আইন প্রণয়ন এবং বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দিয়েছেন। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য কিছু আন্তর্জাতিক কনভেনশন রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে ওই কনভেনশনের সদস্য হতে হবে।" তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে সহায়তা করতে চেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৪০১ ঘ.