ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রী ছাড়া সংলাপের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা এম সাইফুর রহমান।
বুধবার তার বাসায় সাইফুর রহমান সাংবদিকদের বলেন, "বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। তাদের ছাড়া সংলাপ কখনোই অর্থবহ হবে না। তারপরও করা হলে তার সাফল্য নিয়ে আমি সন্দিহান।"
রাত ১১টার দিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এই উপলক্ষে সিলেট মহানগর বিএনপি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির একদল নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। পরে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।
বিএনপিতে কোনো বিভক্তি কিংবা অনৈক্য নেই মন্তব্য করে তিনি বলেন, "গণমাধ্যমে কাউকে সংস্কারপন্থী কাউকে দেলোয়ারপন্থী বলা হয়। আমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিপন্থী।"
সাইফুর রহমান বলেন, "ক্ষমতায় থাকার সময় তার অনেক যুগান্তকারী সংস্কার কার্যক্রমের জন্য দেশের আমূল পরিবর্তন হয়েছে। প্রাথমিক ও নারী শিক্ষার ক্ষেত্রে খালেদা জিয়ার বৈপ্লাবিক সিদ্ধান্ত সারা বিশ্বে সমাদৃত হয়েছে।"
২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটি এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে।
এ বিষয়ে তিনি বলেন, "ওই সময় সবাই মিলে চেয়ারপারসনের অনুপস্থিতিতে দায়িত্ব চালিয়ে নিতে আমাকে দায়িত্ব দিয়েছিল। তবে ইতোমধ্যেই কয়েকজন হলফনামা দিয়ে তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় দায়িত্বের কার্যকারিতাও হারিয়ে গেছে।"
নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এম সাইফুর রহমান বলেন, "আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের নেত্রীর মুক্তির জন্য দাবি রাখবো। তবে আইনী প্রক্রিয়ায় সেটা না হলে রোডম্যাপের ঘোষিত সময়সীমায় নির্বাচন হলে আমাদের অংশ নিতে হবে।"
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সিলেট বিএনপি নেতা আলী আহমেদ, ইসরাইল আলী, আলাউর রহমান, রফিকুল ইসলাম শিশুসহ ১৫ জেলা নেতা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৮৩৫ ঘ.
bdnews24