২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার সবাই চাইলেও কেন হচ্ছে না, প্রশ্ন একে খন্দকারের

যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায়। প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাপ্রধান- সবাই বলছেন, যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। তা হলে বিচার কেন হচ্ছে না?- এ প্রশ্ন করেছেন মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

রংপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায়। প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাপ্রধান- সবাই বলছেন, যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। তা হলে বিচার কেন হচ্ছে না?- এ প্রশ্ন করেছেন মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। বুধবার রংপুরে সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন রেখে বলেন, "আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সুন্দর জীবনের জন্য । যুদ্ধাপরাধীদের বিচার না হলে এ দেশের মঙ্গল হতে পারে না। সবাই বলছেন বিচার হোক- কিন্তু কেন তারা বিচার করছেন না, এটা তাদেরকেই বলতে হবে।" রংপুর টাউন হল মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরাম বৃহত্তর রংপুর সমন্বয় কমিটি আয়োজিত ওই সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ এবং স্বাধীনতার বিরোধিতাকারী দলগুলোকে নিবন্ধন না দেওয়ার জন্যও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। একে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাব।" একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আগামী নির্বাচন যারাই যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। জনগণকে আমরা বলবে, ওই দলগুলোকে ভোট দেবেন না।" ফোরামের নেতা, দেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ বলেন, "যুদ্ধপরাধীদের বিচার বঙ্গবন্ধুর সময় শুরু হলেও জিয়াউর রহমান ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে সে পথ বন্ধ করে দেন।" তিনি সংসদ প্রাঙ্গণ থেকে মুক্তিযদ্ধের বিরোধিতাকারী খান এ সবুরের কবর সরিয়ে ফেলার দাবি জানান। সেক্টর কমান্ডার সিআর দত্ত বলেন, "আমাদের মধ্যে ঐক্য না থাকায় ৩৭ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি। এখন সময় এসেছে, সবাইকে ঐক্যবদ্ধ করে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার। এক্ষেত্রে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।" ফোরামের সমন্বয়ক সাবেক সেনাপ্রধান হারুনুর রশীদ চিহ্নিত যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, "ওরা এখন স্বাধীনতা যুদ্ধকে গৃহযুদ্ধ বলে, ওদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে হবে।" তিনি সরকারের সমালোচনা করে বলেন, "জরুরি অবস্থার মধ্যেও যারা মহান স্বাধীনতা সংগ্রাম নিয়ে ব্যঙ্গ করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হলো না। কেনইবা বর্তমান সরকার তাদের বিষয়ে নীরবতা পালন করছে। দুই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা গেলে ওদের কেন গ্রেপ্তার করা যাচ্ছে না।" মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা অবসপ্রোপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান, মাসুদুর রহমান, সামসুল আজম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ম. হামিদ, প্রবীন রাজনৈতিক নেতা মো. আফজাল প্রমুখ। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী জেলার মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.