২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শুল্কভবনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন চালু ২৪ জুন থেকে

চট্টগ্রাম শুল্ক ভবনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়া আগামী ২৪ জুন থেকে চালু হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এ পদ্ধতিতে শুল্কায়ন শুরুর প্রথম ধাপের কাজ প্রায় শেষ পর্যায়ে। বুধবার শুল্কভবনে এ পদ্ধতির প্রথম ধাপ চূড়ান্ত করার আগে এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন শুল্ক, সিঅ্যান্ডএফ এজেন্টস, শিপিং এজেন্টস ও ফ্রেইট ফরোয়াডার্স কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্ক ভবনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়া আগামী ২৪ জুন থেকে চালু হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এ পদ্ধতিতে শুল্কায়ন শুরুর প্রথম ধাপের কাজ প্রায় শেষ পর্যায়ে। বুধবার শুল্কভবনে এ পদ্ধতির প্রথম ধাপ চূড়ান্ত করার আগে এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন শুল্ক, সিঅ্যান্ডএফ এজেন্টস, শিপিং এজেন্টস ও ফ্রেইট ফরোয়াডার্স কর্মকর্তারা। চট্টগ্রাম শুল্ক ভবনে প্রচলিত পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনলাইনে তথ্য আদান-প্রদান চালু করতে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম শুল্ক ও টাস্কফোর্স কর্মকর্তা, শুল্ক সংশ্লিষ্ট ও বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং এ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ডাটা সফট। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে দীর্ঘ আলোচনার পর চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির অর্থায়ন এবং চট্টগ্রাম শুল্ক ভবন ও টাস্কফোর্সের তত্ত্বাবধানে রিমোট ডিটিআই ভিত্তিক এ শুল্কায়ন পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এ পদ্ধতি চালু হলে শুল্ক ও বন্দরসহ ১০টি অংশীদার প্রতিষ্ঠান অনলাইনে তাদের কার্যক্রম চালাতে পারবে। বুধবারের সভা শেষে চট্টগ্রামে টাস্কফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাছির সাংবাদিকদের জানান, আগামী ২৪ জুন থেকে শুল্কায়ন পদ্ধতি চালু করতে একযোগে সবাই মিলে এর বিভিন্ন কারিগরী বিষয়গুলো খুঁটিয়ে দেখছে। এজন্য অংশীদার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত বৈঠক চলছে। তিনি বলেন, "সহজভাবে যেন এ পদ্ধতি চলতে পারে সে জন্য এটি চূড়ান্ত করার আগে এর বিভিন্ন ফরম্যাট এবং এগুলোর সমস্যা ও সমাধান বের করতে সবার মতামত নেওয়া হচ্ছে। কারও ওপর কোনও কিছু চাপিয়ে দেওয়া হবে না।" এ পদ্ধতি চালুর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ডাটা সফটের পরিচালক ও চিফ অপারেটিং কর্মকর্তা মনজুর মাহমুদ জানান, ধাপে ধাপে এ পদ্ধতির আরও অগ্রগতি হবে। শুল্ক সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিকভাবে ১০টিকে এ পদ্ধতির আওতায় আনা হচ্ছে। শুল্কভবনের প্রদান করা পরিচয়পত্রের নম্বরের ভিত্তিতে তারা এতে অনুপ্রবেশ করতে পারবেন। তিনি জানান, আমদানি ও রপ্তানি পণ্যের ঘোষণার জন্য কার্গো ম্যানিফেস্ট ম্যানেজমেন্ট এবং ডিটিআই পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। এগুলো চূড়ান্তভাবে বাস্তবায়নের আগে ব্যবহারকারীদের সঙ্গে বসে খুঁটিনাটি চূড়ান্ত করা হচ্ছে। মনজুর মাহমুদ বলেন, "আমদানি ও রপ্তানির সঙ্গে জড়িত বন্দর ব্যবহারকারী ও শুল্ক সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতকে বিবেচনায় নিয়ে সার্বিক বিষয়গুলো পুনমূল্যায়ন করা হবে। এটি যাতে একটি স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি হিসাবে কাজ করতে পারে সেজন্য সবার মতামত নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন কোর টিম ও ওয়ার্কিং গ্র"প গঠন করে বিস্তারিত আলোচনা চলছে।" সভায় কাস্টমস ও টাস্কফোর্সের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশিন, শিপিং লাইন, ফ্রেইট ফরওয়াডার্স, বেসরকারি কন্টেইনার ডিপোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্বয়ংক্রিয় পদ্ধতির নিরাপত্তা, ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয় এবং চট্টগ্রাম শুল্ক ভবনের যাবতীয় হালনাগাদ ও প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে একটি ওয়েবসাইট করারও সিদ্ধান্ত নেয়া হয়। ডাটা সফট কর্মকর্তা মনজুর জানান, বর্তমানে অনলাইনে শুধুমাত্র তথ্য আদান প্রদান ব্যবস্থা রাখা হচ্ছে। এতে আর্থিক লেনদেনের ব্যবস্থা থাকছে না। পরবর্তীতে বিভিন্ন ব্যাংকের সাতে চুক্তির পর অনলাইন পেমেন্টের ব্যবস্থা করা হবে। সভায় টাস্কফোর্স কর্মকর্তা হাসান নাছির জানান, চট্টগ্রামের বেসরকারি কন্টেইনার টার্মিনালগুলোর বিভিন্ন অনিয়ম তদন্তে আগামী রোববার থেকে যৌথভাবে কাজ শুরু করবে শুল্ক ও টাস্কফোর্সের কর্মকর্তারা। যৌথ এ দলের পরিদর্শন শুরুর আগে শনিবারের মধ্যে এ টার্মিনালগুলোতে বর্তমানে যেসব অনিয়ম রয়েছে তা চিহ্নিত করে একটি তালিকা তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮০১ ঘ.