ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৫ মাস পর রাজধানীতে র্যাংগসভবনের ধ্বংসস্তুপ থেকে বুধবার একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি ভেঙ্গে পড়া ভবনটিরই একজন প্রহরীর বলে জানিয়েছে তারা।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক আবু সাঈদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটির তিন তলা থেকে দুপুর ১২টায় কঙ্কালটি উদ্ধার করা হয়। এটি শিল্ড সিকিউরিটি কোম্পানির কর্মচারী শহীদুল ইসলামের (২৩)। প্রতিষ্ঠানটি র্যাংগস ভবনের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল। পোশাক দেখে কঙ্কালটি শনাক্ত করা হয়েছে।"
শহীদুল ইসলামের দেহাবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।
এটি নিয়ে ধসে পড়া র্যাংগস ভবন থেকে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ১২।
গত বছরের ৮ ডিসেম্বর র্যাংগস ভবনের ১৮ তলার ছাদ ধসে পড়ে। সেসময় ১১ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
৪ আগস্ট র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। ৩ আগস্ট সুপ্রিম কোর্ট বিতর্কিত র্যাংগস ভবনের ৬ তলা রেখে বাকি অবৈধ ১৬ তলা ভেঙে ফেলার নির্দেশ দেয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নে ঝুঁকি থাকায় ওই এলাকায় ৬ তলার বেশি উঁচু ভবন নির্মাণ নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমএ/১৪৫৩ ঘ.
bdnews24