ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীতে গরমজনিত ডায়রিয়ার প্রকোপ চলছেই। গত কয়েকদিনের হিসেব অনুযায়ী মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিআরবি) দিনে ছয় থেকে সাতশ' ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। মারাত্মক এ পেটের পীড়ার জন্য বিশুদ্ধ পানির অভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ৫২৭ জন রোগী ভর্তি হয় আইসিডিআরবি-তে। আগেরদিন সোমবার রোগী ছিল ৬২৬জন। তার আগের দিন ছিল ৬৭৭ জন।
আইসিডিডিআরবি-র সংক্ষিপ্ত অবস্থান ইউনিটের প্রধান ডা. আজহারুল ইসলাম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, "এবার মৌসুমের আগেই রোগীর সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। অন্যান্য বছর এই সময় সাধারণত দিনে ৪/৫শ' রোগী থাকে। এবার আসছে ছয় থেকে সাতশ'।"
অতিরিক্ত গরমই এ ডায়রিয়ার প্রধান কারণ বলে উল্লেখ করেন ডা. আজহারুল ইসলাম। তিনি বলেন, "গরমের কারণে মানুষ বেশি পানি পান ব্যবহার । আর বেশির ভাগ পানিই সাপ্লাইয়ের যাতে অনেক সময় জীবাণু থাকতে পারে। সেজন্যই ডায়রিয়া একটু বেশি হচ্ছে।"
আজহার আলী বলেন," পানি যত নিরাপদ হবে ডায়রিয়াও তত কমবে।"
আইসিডিডিআরবি-তে গত ৪ এপ্রিল থেকে মঙ্গলবার ৬ মে পর্যন্ত প্রায় সাড়ে ১৬ হাজার রোগী ভর্তি হয়। এর মধ্যে ৩০ এপ্রিল সর্বোচ্চ ৭০১ জন রোগী ভর্তি হয়েছে।
ডায়রিয়ার প্রকোপ চলছে সারাদেশেই। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বোরহানুজ্জামান জানান, আগের ২৪ ঘন্টায় সারা দেশে ২০৮২ জন আক্রান্ত হয়। আর গত এক সপ্তাহে ডায়রিয়ার রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৫৭ জন।
মঙ্গলবার দুপুরে আইসিডিডিআরবি-তে ডায়রিয়া নিয়ে এক সেমিনারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এমএ ফয়েজ বলেন,"যতদিন পর্যন্ত সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত ডায়রিয়া থাকবেই।" এজন্য তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডায়রিয়া নিরাময় সেন্টার খোলার জন্য আইসিডিডিআরবি-র প্রতি আহ্বান জানান এমএ ফয়েজ।
সরকার ও আইসিডিডিআরবি আয়োজিত " ডায়রিয়ার প্রাদুর্ভাবকালে রোগ ব্যবস্থাপনায় জরুরি তৎপরতা" শীর্ষক সেমিনারে উদরাময় গবেষণা প্রতিষ্ঠানটির ডা. আজহারুল ইসলাম খান, ইউনিসেফ প্রতিনিধি ড. রিক জনস্টোন ও ঢাকা মেডিক্যাল কলেজের ডা. এমএম জাহাঙ্গীর আলম পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে আইসিডিডিআরবির ঢাকা হাসপাতালের প্রশাসক ড. মার্ক পিয়েত্রনি তার হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য বিশেষ ভাবে তৈরি যেসব বিছানা ব্যবহার করা হয় তার একটি নমুনা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে তুলে দেন। তিনি আরও ৫০টি বিছানা দেওয়ার প্রতিশ্রতি দেন।
সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ-বিষয়ক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেনও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/২০৩৫ঘ.
bdnews24