মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক
চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্প নগরীর তৈরী পোশাক কারখানাগুলোর শ্রমিকরা মঙ্গলবার সকালে রাস্তায় নেমে এলে নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কে গাড়ি চলাচল ছয় ঘণ্টা বন্ধ থাকে। অবরোধের সময় শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। পরে শ্রম অধিদপ্তর, বিজিএমইএ নেতাসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ায় তারা অবরোধ তুলে নেয়।
চাঁন্দগাও থানার বিসিক শিল্প এলাকায় আজিম গ্র"পের অর্কিড সোয়েটার কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে সোমবার দিনভর কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। পরে একই দাবিতে ওই গ্র"পের মালিকানাধীন গ্লোবাল নিটওয়্যার ও সাভার নিটওয়্যারের শ্রমিকরাও তাতে যোগ দেয়। ওই দিন বিকালে মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে এক দফা আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি।
দাবির ব্যাপারে কোন সিদ্ধান্ত না হওয়ায় মঙ্গলবার সকালে বিসিক শিল্প নগরী এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে সকাল ৯টার দিকে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। পরবর্তীতে বিক্ষোভ আশেপাশের প্রায় ২০টি গার্মেন্টসে ছড়িয়ে পড়ে। এসব কারখানার শ্রমিকরা আরাকান সড়কে নেমে এসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে। বিজিএমইএ এর প্রথম সহ সভাপতি এমএ সালাম ও পরিচালক এরশাদ উল্লাহর মালিকানাধীন দুটিসহ পাঁচটি কারখানা ভাঙচুর করে।
তবে ২০টি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করে মার্ক ফ্যাশনের মালিক এরশাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজিম গ্র"প ছাড়া কালুরঘাট শিল্প এলাকার অন্যান্য গার্মেন্টসের কাজকর্ম স্বাভাবিক ছিল।
অবরোধের সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল যুবক অংশ নিয়ে বিভিন্ন রিকশা, অটো রিকশা চালক ও যাত্রীদের অহেতুক হয়রানি করে এবং তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের কর্তব্য পালনেও বাধা দেয় তারা। কিছূ উচ্ছৃঙ্খল যুবক বৈশাখী টেলিভিশনের রিপোর্টার সাইফুল ইসলাম শিল্পীর সঙ্গে থাকা ক্যামেরা কেড়ে নেয় এবং যুগান্তরের ফটো সাংবাদিক রাজেশ চক্রবর্তীকে মারধর করে।
এ পর্যায়ে বিক্ষোভ নগরীর সিএন্ডবি মোড় থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল, বহদ্দারহাট মোড় ও এর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় নগরীর চান্দগাঁও থানাধীন আরাকান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাবে নগরীর বিভিন্ন স্থানে প্রায় কয়েক ঘণ্টাব্যাপী যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতির অবনতি দেখে ওই এলাকার গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানা ছূটি দিয়ে দেয়।
পরে মালিকপক্ষ সিএন্ডবির মোড়ে শ্রমিকদের অবস্থানস্থলে এসে তিনটি দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ সময় র্যাব, বিজিএমইএ নেতৃবৃন্দ, পুলিশ, চট্টগ্রাম শ্রম দপ্তরের কর্মর্কতাদের উপস্থিতিতে আজিম গ্র"পের পরিচালক নওশা আহমেদ শ্রমিকদের সঙ্গে দীর্ঘ দুই ঘন্টা আলোচনা শেষে লিখিতভাবে দাবি মানার ঘোষণা দেন।
এগুলো হল- স্টাইল অনুযায়ী প্রতিটি পোশাকের উৎপাদন মজুরি ৮ টাকা বাড়িয়ে ৩২ টাকা এবং মাসের প্রথম দিন স্টাইল অনুযায়ী পোশাকের উৎপাদন মজুরি নির্ধারণ, প্রতিদিনের নাস্তার টাকা ২ টাকা বাড়িয়ে ৮ টাকা, নিটিং শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনুযায়ী বেতন প্রদান।
কারখানা খুলে দেওয়া প্রসঙ্গে আজিম গ্র"পের পরিচালক নওশা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার শিডিউল ছূটির পর বৃহস্পতিবার থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হবে। এরপর থেকেই কারখানায় কাজ শুরু করা যাবে বলে আশা করছি।"
শ্রমিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক মিন্টু চৌধুরীকে জানায়, সকালে আলোচনার কথা থাকলেও তারা কারাখানায় এসে আজিম গ্র"পের তিনটি কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার নোটিশ দেখে রাস্তায় নেমে আসেন।
গ্লোবাল নিটওয়্যারের শ্রমিক আনোয়ার বলেন, "পিসরেট (পোশাকপ্রতি উৎপাদন মজুরি) ৪০ টাকা এবং নাস্তার বিল ১২ টাকা দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ আমাদের ২৪ টাকা এবং ৬ টাকা করে দেয়। ন্যায্য প্রাপ্তির জন্যই আমরা সোমবার বিক্ষোভ করি। মঙ্গলবার সকালে এসে দেখি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। তাই আমরা রাস্তায় নেমেছি।"
অনির্দিষ্টকালের জন্য কারখানা তিনটি বন্ধ করে দেওয়া প্রসঙ্গে আজিম গ্র"পের ম্যানেজার দিলীপ সাহা বলেন, "সোমবার বিকালে শ্রমিকরা কারখানার কর্মকর্তা ও কর্মচারিদের মারধর করে এবং ভাঙচুর চালায়। কর্মচারিদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন এবং ভয়ে অনেকেই কাজে আসতে চাচ্ছেন না। তাদের ছাড়া কারখানা চালু করা সম্ভব নয়।"
মালিকপক্ষ ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে বলে শ্রমিকরা যে অভিযোগ করেছে তা অস্বীকার করেন তিনি। পোশাকপ্রতি উৎপাদন মজুরি বাড়ানোর বিষয়টি অযোক্তিক উল্লেখ করে তিনি বলেন, "কয়েকমাস পরপরই নতুন স্টাইলের কাজ আসে এবং নতুন দর নির্ধারণ করা হয়। সুতরাং দাম বাড়বে ও কমবে এটাই স্বাভাবিক।"
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি-দাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে সকালে মালিক পক্ষের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সে বৈঠক না হওয়ায় আজিম গ্র"পের তিনটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তাদের সঙ্গে কালুরঘাট বিসিক শিল্প এলাকার অন্যান্য কারখানার শ্রমিকরাও যোগ দেয়।"
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মেসবাহউদ্দিন বলেন, "কারাখানা বন্ধের নোটিশ দেখেই শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে।"
শ্রমিকরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় র্যাব, পুলিশ মোতায়েন করা হয়। বিজিএমইএ নেতাসহ প্রশাসনের কর্তাব্যক্তিরাও ঘটনাস্থলে আসেন।
সহকারী কমিশনার মেসবাহউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ৬ প্লাটুন পুলিশ ও আর্মর্ড পুলিশ মোতায়েন করা হয়।
দুপুর ১টার দিকে শ্রম অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্মপরিচালক আব্দুল খালেক, বিজিএমইএ'র সহসভাপতি এম মহিউদ্দিন চৌধুরী, আজিম গ্র"পের পরিচালক নওশা আহমেদ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। মালিক পক্ষ শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার কথা জানালে বেলা ৩টার সময় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার পর ওই সড়কে গাড়ি চলাচল শুরু হয়। তবে অবরোধের সময় কারণে নগরীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজট দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24