২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্প নগরীর তৈরী পোশাক কারখানাগুলোর শ্রমিকরা মঙ্গলবার সকালে রাস্তায় নেমে এলে নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কে গাড়ি চলাচল ছয় ঘণ্টা বন্ধ থাকে। অবরোধের সময় শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। পরে শ্রম অধিদপ্তর, বিজিএমইএ নেতাসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্প নগরীর তৈরী পোশাক কারখানাগুলোর শ্রমিকরা মঙ্গলবার সকালে রাস্তায় নেমে এলে নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কে গাড়ি চলাচল ছয় ঘণ্টা বন্ধ থাকে। অবরোধের সময় শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। পরে শ্রম অধিদপ্তর, বিজিএমইএ নেতাসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। চাঁন্দগাও থানার বিসিক শিল্প এলাকায় আজিম গ্র"পের অর্কিড সোয়েটার কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে সোমবার কর্মবিরতি পালন করে। পরে একই দাবিতে ওই গ্র"পের মালিকানাধীন গ্লোবাল নিটওয়্যার ও সাভার নিটওয়্যারের শ্রমিকরাও তাতে যোগ দেয়। ওই দিন বিকালে মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে এক দফা আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। সোমবার দিনভর কর্মবিরতি ও বিক্ষোভের পর মঙ্গলবার সকালেও বিসিক শিল্প নগরী এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে সকাল ৯টার দিকে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে। শ্রমিকদের অবরোধের কারণে বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক মিন্টু চৌধুরীকে জানায়, সকালে আলোচনার কথা থাকলেও তারা কারাখানায় এসে আজিম গ্র"পের তিনটি কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার নোটিশ দেখে রাস্তায় নেমে আসেন। গ্লোবাল নিটওয়্যারের শ্রমিক আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিসরেট ৪০ টাকা এবং নাস্তার বিল ১২ টাকা দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ আমাদের ২৪ টাকা এবং ৬ টাকা করে দেয়। ন্যায্য প্রাপ্তির জন্যই আমরা সোমবার বিক্ষোভ করি। মঙ্গলবার সকালে এসে দেখি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। তাই আমরা রাস্তায় নেমেছি।" পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি-দাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে সকালে মালিক পক্ষের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সে বৈঠক না হওয়ায় আজিম গ্র"পের তিনটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তাদের সঙ্গে কালুরঘাট বিসিক শিল্প এলাকার অন্যান্য কারখানার শ্রমিকরাও যোগ দেয়।" চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মেসবাহউদ্দিন বলেন, "কারাখানা বন্ধের নোটিশ দেখেই শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে।" শ্রমিকরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় র‌্যাব, পুলিশ মোতায়েন করা হয়। বিজিএমইএ নেতাসহ প্রশাসনের কর্তাব্যক্তিরাও ঘটনাস্থলে আসেন। সহকারী কমিশনার মেসবাহউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ৬ প্লাটুন পুলিশ ও আর্মর্ড পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১টার দিকে শ্রম অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্মপরিচালক আব্দুল খালেক, বিজিএমইএ'র সহসভাপতি এম মহিউদ্দিন চৌধুরী, আজিম গ্র"পের পরিচালক নওশা আহমেদ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। মালিক পক্ষ শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার কথা জানালে বেলা ৩টার সময় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার পর ওই সড়কে গাড়ি চলাচল শুরু হয়। তবে অবরোধের সময় কারণে নগরীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১৫০৫ ঘ.