মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আদালতের মাধ্যমে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও প্রার্থী পছন্দ না হলে 'না' ভোটের বিধান রেখে নির্বাচনী আইনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে এটি সরকারের কাছে পাঠানো হবে।
তিনি জানান, দীর্ঘ এক বছর বিভিন্ন পর্যায়ে আলোচনার পর নির্বাচনী আইন ও বিধির তিনটি খসড়া সোমবার চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত খসড়ায় আদালতের মাধ্যমে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, প্রার্থী পছন্দ না হলে ব্যালট পেপারে 'না' ভোটের সুযোগ রাখা এবং একজন প্রার্থীকে সর্বোচ্চ তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে বলা হয়েছে।
এতে প্রার্থীর ৮ দফা তথ্য সম্বলিত হলফনামা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর জন্য আসনভিত্তিক নির্বাচনী ব্যয়সীমা ও প্রত্যেক আসনে ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীর ব্যয়সীমা নির্ধারণ করতে বলা হয়েছে।
নির্বাচনী প্রচারণায় দেওয়াল লিখন নিষিদ্ধ করে তিনটি আইন ও বিধিমালার খসড়াও চূড়ান্ত করেছে কমিশন।
ছহুল হোসাইন বলেন, "এই খসড়া এ সপ্তাহের যে কোনো সময় আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে।"
মন্ত্রণালয়ে যাচাই বাছাইয়ের পর উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। আর তা হলেই ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রহিত হয়ে যাবে বলে ছহুল হোসাইন জানান।
আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনার পর এই খসড়ায় বেশ কিছু সংযোজন-পরিমার্জন হয়েছে। তবে দ্বিতীয় দফা আলোচনার পর বড় ধরনের হেরফের হয়নি।"
কমিশন নির্বাচনী আইন ও বিধির যে তিনটি খসড়া চূড়ান্ত করেছে সেগুলো হলো- গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ২০০৮; রাজনৈতিক দল (নিবন্ধিকরণ) বিধিমালা, ২০০৮ এবং রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮।
গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয় তার ভোটার এলাকার ভোটার সংখ্যার ভিত্তিতে মাথাপিছু হারে নির্ধারণ করা হবে। তবে একক নির্বাচনী এলাকার জন্যে এ ব্যয় ১৫ লাখ টাকার বেশি হতে পারবে না।
রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় সীমাও নির্ধারিত হবে আসন অনুপাতে। কোনো রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ২শ'র বেশি হলে দলটি সাড়ে চার কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে। আর প্রার্থী সংখ্যা পঞ্চাশের বেশি না হলে ব্যয়সীমা হবে ৭৫ লাখ টাকা। এছাড়া ৫১ থেকে ১০০ প্রার্থীর জন্য দেড় কোটি টাকা এবং ১০১ থেকে ২০০ প্রার্থীর জন্য তিন কোটি টাকা ব্যয় করা যাবে।
খসড়ায় বলা হয়েছে, কোনো ভোটার উপযুক্ত প্রার্থী খুঁজে না পেলে 'না' ভোট দিতে পারবেন। এ জন্য ব্যালট পেপারে 'উপরের কাহাকেও নহে' লেখা ঘরে সিল দেয়ার সুযোগ থাকবে। ভোট গণনা শেষে 'না' ভোটের সংখ্যা প্রদত্ত ভোটের অর্ধেক বা তার বেশি হলে ওই আসনে পুনঃনির্বাচন করতে হবে।
এছাড়া কোনো আসনে একাধিক প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল নির্ধারণে সমস্যা হলে ওই আসনেও নতুন করে ভোট গ্রহণের সুযোগ রাখতে বলা হয়েছে খসড়া আইনে।
সরকারি বা সেরকারি সংস্থা থেকে পদত্যাগ বা অবসরে যাওয়ার পর ৩ বছর পূর্ণ না হলে, জাতীয় বা আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডিত হলে অথবা ৬ মাসের ঋণখেলাপি বা ৩ মাসের বিলখেলাপি হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এছাড়া প্রত্যোক প্রার্থীকে তাদের শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলায় অভিযুক্ত কি না, অতীতে মামলা থাকলে তার রায়; পেশা, আয়ের উৎস, নিজের ও নির্ভরশীলদের সম্পদের পরিমাণ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণের পরিমাণ এবং অতীতে নির্বাচন করে থাকলে ভোটারদের কী কী প্রতিশ্র"তি দিয়েছেন এবং নির্বাচিত হলে তার কী কী বাস্তবায়ন করেছেন তার বিবরণ
bdnews24