২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে চার কোটি ডলারের খাদ্য সাহায্য দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য চার কোটি ডলারের খাদ্য সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে সদ্যনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। রোববার ঢাকার আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য চার কোটি ডলারের খাদ্য সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে সদ্যনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। রোববার ঢাকার আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মরিয়ার্টি বলেন, "যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য চার কোটি ডলারের খাদ্য সহায়তা দেবে। দুই পর্যায়ে এ তহবিল দেওয়া হবে। এর মধ্যে সিডর দুর্গতদের জন্য জরুরি খাদ্য সহায়তা হিসেবে এক কোটি ডলার এবং স্কুল খাদ্য কর্মসূচিতে তিন বছরের জন্য তিন কোটি ডলার দেওয়া হবে।" মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিন কোটি ডলারের এ অনুদান বাংলাদেশের সার্বজনীন প্রাথমিক শিক্ষা নীতির প্রতি মার্কিন সরকারের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। এ কর্মসূচির আওতায় প্রাথমিক স্কুলের শিশুরা প্রতিদিন ৭৫ গ্রাম ওজনের পুষ্টিকর বিস্কুটের প্যাকেট পাবে। সারা বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ স্কুলগামী শিশু এর দ্বারা উপকৃত হবে। এই তহবিলের এক কোটি ডলার ব্যবহৃত হবে সিডর দুর্গতদের জন্য সরাসরি খাদ্য বিতরণ, 'কাজের বিনিময়ে খাদ্য' ও 'কাজের বিনিময়ে টাকা ' কর্মসূচির মাধ্যমে পুনর্বাসন তৎপরতা, জরুরি স্কুল খাদ্য কর্মসূচি এবং গর্ভবতী ও স্তন্যদায়ী মা এবং শিশুদের জন্য খাদ্য কর্মসূচিতে। মরিয়ার্টি বলেন, "অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে খাদ্য সহায়তার জন্য সর্বমোট সাত কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে; এর অতিরিক্ত চার কোটি ডলারের কথা আমি এইমাত্র উল্লেখ করলাম।" "সকালে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বলেছি যে, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকার ও এর জনগণকে সহায়তা করতে প্রতিশ্র"তিবদ্ধ। বাংলাদেশের জনগণের জন্য আমার বার্তা পরিষ্কার: আমরা ঘূর্ণিঝড়ের আগেও এখানে ছিলাম; প্রাথমিক জরুরি ত্রাণের সময়ও আমরা এখানে ছিলাম; এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে আমরা এখনও এখানে আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৯০৫ঘ.