ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে কেনো অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, এ মর্মে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে ঢাকার নবম সহকারী জজ ইফতেখার আহমেদ এই আদেশ দেন।
আইনজীবী সমিতির সম্পাদক নূরুল ইসলাম সুজনসহ নির্বাচন উপকমিটির ১১ জনকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
অন্যরা হচ্ছেন, নির্বাচন উপকমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম, সমিতির সহসম্পাদক কেএম জাহিদ সারোয়ার কাজল, নির্বাচন উপকমিটির সদস্য আকম আব্দুল হাকিম, পূরবী রানী শর্মা, জিয়াদ আল মালুম, মোতাহের হোসেন সাজু, আশরাফুল কামাল, শেখ আখতারুল ইসলাম, আবু মো. আমিন উদ্দীন এবং ফাহিমা নাসরিন।
সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত নতুন সম্পাদক নূরুল ইসলাম সুজন যেন ওই পদে দায়িত্ব পালন করতে না পারেন, সে মর্মে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার নিম্ন আদালতে মামলা করেন ওই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
মামলায় বলা হয়, নির্বাচনে ২৯ এপ্রিল রাতে ভোট গণনার পর প্রথমে বাদী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে জয়ী ঘোষণা করা হলেও পরদিন জয়ী ঘোষণা করা হয় নূরুল ইসলাম সুজনকে। বাদীকে বৈধ নির্বাচিত সম্পাদক হিসেবে ঘোষণা করতে আদালতের আদেশ চাওয়া হয়।
মামলায় নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. নিজামুল হক নাসিমসহ ১১ জনকে মূল বিবাদী করা হয় এবং পাঁচজনকে মোকাবিলা বিবাদী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/আরএ/জিএনএ/১৪৫২ঘ.
bdnews24