ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা বলেছেন, তাকে ছাড়াই আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে পারে। সংলাপে তার উপস্থিতি জরুরি নয়। তবে তড়িঘড়ি করে সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য ঘোষণার ষড়যন্ত্র করা হলেও নির্বাচনে অংশগ্রহণ থেকে তাকে বিরত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে মিগ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানি শেষে সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের উপস্থিতিতে তার আইনজীবীদের এ কথা বলেন।
সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী দলের নেতাদের উদ্দেশে বলেন, "আপনারা সংলাপ চালিয়ে যান। সেখানে আমার উপস্থিতি জরুরি নয়।"
তবে পাশাপাশি সরকারের উদ্দেশে তিনি বলেন, "তড়িঘড়ি করে আমাকে সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য ঘোষণার ষড়যন্ত্র চলছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন থেকে আমাকে বিরত রাখা যাবে না। জনগণ ও আল্লাহ আমার সহায় আছেন।"
তিনি বলেন, "নির্বাচনে আমি অবশ্যই অংশ নেব। আমি দুর্নীতিবাজ কি না তা জনগণই নির্ধারণ করবে।"
সুপ্রিম কোর্টের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "সেখানে ভোট কারচুপির চেষ্টা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি করে?"
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশবাসীকে অতন্দ্র প্রহরীর মত সজাগ থাকারও আহবান জানান তিনি।
দীর্ঘমেয়াদে অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না মন্তব্য করে হাসিনা বলেন, "এতে দেশে নানা সঙ্কট তৈরি হয়। এ থেকে উত্তরণের একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।"
তিনি বলেন, "আমি রাজনীতি করব কি না তা নির্ধারণ করবে জনগণ। ঢাকা মহানগরে আমার মুক্তি চেয়ে মাত্র ১০দিনে স্বাক্ষর করেছে ২৫ লাখ মানুষ। এটাই প্রমাণ করে যে জনগণ আমাকে প্রত্যাখ্যান করেনি।"
হাসিনা বলেন, "শুনেছি মানুষ না খেতে পেরে আত্মহত্যা করছে। এটা জাতির জন্য লজ্জার। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।"
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মিগ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ১১ মে পর্যন্ত মুলতবি করেন ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার।
মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমান অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি। এ কারণে শুনানি মুলতবি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭১৫ ঘ.
bdnews24