বাগেরহাট, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের দরাটানা নদীতে শুক্রবার রাতে ট্রলার থেকে পড়ে যাওয়া দু'জনের শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি। এরা হলেন- বাগেরহাট সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক অরবিন্দু দাস এবং এনজিও কর্মী আলমগীর হোসেন (৩৫)।
বাগেরহাট দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, তাদের ডুবুরীরা নিখোঁজদের সন্ধানে শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালায়। এরপর অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
অরবিন্দু দাস শুক্রবার রাতে স্ত্রী লুনা দাসকে নিয়ে চিতলমারী উপজেলার শ্বশুর বাড়ি থেকে বাগেরহাট ফিরছিলেন। মুণিগঞ্জ খেয়াঘাটে নদী পাড় হওয়ার সময় তাদের ট্রলার ঝড়ের কবলে পড়ে। এ সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন তিনি। লুনা দাস বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাত্র আট মাস আগে তাদের বিয়ে হয়।
অরবিন্দুর বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের বায়স গ্রামে। অন্যদিকে, নিখোঁজ এনজিও কর্মী আলমগীরের বাড়ি বাগেরহাট সদর উপজেলার আতাইকাঠি গ্রামে।
এদিকে, শুক্রবারের দুর্ঘটনায় মারা যাওয়া আরেক ট্রলার যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের হাফিজুর রহমান (৪০)।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, হাফিজুর শুক্রবার রাতে চিতলমারী থেকে ব্যবসায়িক কিছূ টাকা অদায় করে বাড়ি ফিরছিলেন।
সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪২ ঘ.
bdnews24