ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের খাদ্য সঙ্কটের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ ।
শনিবার ধানমন্ডির ছায়ানট ভবনে ইন্সটিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ আয়োজিত 'ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা ঃ সংবাদ মাধ্যমের অংশগ্রহণ' শীর্ষক দ'ুদিনব্যাপী কর্মশালার শেষ দিনে তিনি এ কথা বলেন ।
মোজাফ্ফর আহমেদ বলেন, "দেশের খাদ্য সঙ্কটের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রীয় অব্যবস্থাপনার জন্যই আজ কৃষি অবকাঠামোর ভগ্নদশা। এসব আড়াল করে খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব না।"
শুধু খাদ্য নিরাপত্তা না বলে একে 'খাদ্য ও পুষ্টি নিরাপত্তা' বলতে হবে বলেও মন্তব্য করেন টিআইবি প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অর্থনীতিবিদ আতিউর রহমান, অধ্যাপক আবু আহমেদ, সাংবাদিক অজয় দাশ গুপ্ত এবং চ্যানেল আইয়ের পরিচালক বার্তা শাইখ সিরাজ।
কর্মশালায় বিভিন্ন মাধ্যমের প্রায় ১৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/২১১৮ঘ.
bdnews24